২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩৭টি জেলায় বার্ড ফ্লু: উপদেষ্টাদের বৈঠকে তথ্য

দেশের ৩৭টি জেলায় বার্ড ফ্লুতে আক্রান্ত ১১৩টি খামারে এ পর্যন্ত চার লাখ ৪৯ হাজার ৪৯৩টি মুরগি, হাঁস ও কবুতর নিধন করা হয়েছে। মঙ্গলবার উপদেষ্টা পরিষদের বৈঠকে পেশ করা এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2008, 04:01 PM

Updated : 26 Aug 2022, 01:19 PM

ঢাকা ফেব্র"য়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের ৩৭টি জেলায় বার্ড ফ্লুতে আক্রান্ত ১১৩টি খামারে এ পর্যন্ত চার লাখ ৪৯ হাজার ৪৯৩টি মুরগি, হাঁস ও কবুতর নিধন করা হয়েছে। মঙ্গলবার উপদেষ্টা পরিষদের বৈঠকে পেশ করা এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দিন আহমদের সভাপতিত্বে বৈঠক শেষে তার প্রেস সচিব সৈয়দ ফাহিম মুনেম এ তথ্য জানান। ফাহিম মুনেম বলেন, উপদেষ্টা পরিষদের বৈঠকে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা সংক্রান্ত একটি প্রতিবেদন উপস্থাপন করেন মৎস্য ও পশু সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মানিক লাল সমদ্দার। এটা প্রতিরোধ ও গণসচেতনতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হয়েছে বলে তিনি উপদেষ্টাদের অবহিত করেন। উপদেষ্টা পরিষদের বৈঠকে 'রেন্টাল পাওয়ার প্লান্ট' আয়কর অধ্যাদেশ ১৯৮৪ -তে একটি নতুন ধারা সংযোজন সংক্রান্ত প্রস্তাব অনুমোদিত হয়েছে। এ সম্পর্কে ফাহিম মুনেম বলেন, এ অধ্যাদেশ জারি করা হলে দ্রুত বিদ্যুৎ সরবরাহের জন্য তিন বছর মেয়াদে বেসরকারি খাতে 'রেন্টাল পাওয়ার প্লান্ট' স্থাপন করা যাবে। সরকার চুক্তি নবায়ন না করলে তিন বছর পর বিদ্যুৎ কেন্দ্রগুলো বেসরকারি মালিকানায় ফেরত যাবে। আমদানি পর্যায়ে যেহেতু কোনো ধরনের শুল্ক কর আরোপ করা হচ্ছে না, তাই বিদ্যুৎ উন্নয়ন বোর্ড নির্ধারিত রেন্টাল পেমেন্টের প্রতিটি বিলের পরিমাণকে কর নির্ধারণের ভিত্তি ধরে তার ওপর ২ দশমিক ৫ শতাংশ হারে আমদানি শুল্ক আদায় করা হবে। রেন্টাল পাওয়ার কোম্পানির আয়ের ক্ষেত্রে স্বাভাবিক হারে অর্থাৎ মুনাফার ওপর ৪০ শতাংশ হারে প্রযোজ্য আয়কর আদায় করা হবে না। তার পরিবর্তে রেন্টাল পেমেন্টের ওপর ৪ শতাংশ হারে উৎস আয়কর আদায় করবে পিডিবি। বিমান বাংলাদেশ এয়ারলাইনস পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তরিত হওয়ার পর এর সার্বিক অবস্থা এবং বাংলাদেশ টেলিগ্রাফ ও টেলিফোন বোর্ডকে (বিটিটিবি) বেসরকারিকরণ বিষয়ে দুটি প্রতিবেদন শিগগিরই উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থাপন করতে বলেছেন উপদেষ্টারা। বাংলাদেশ ও মরক্কোর মধ্যে অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নের জন্য দু'দেশের দ্বৈত করারোপ পরিহার সংক্রান্ত চুক্তিও অনুমোদন করা হয় বৈঠকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইএইচবি/এমআরএফ/টিএইচ/এমএইচবি/২১৫২ ঘ.