ঢাকা, ফেব্র"য়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবজ্যোতি খিসার বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছে হাইকোর্ট।
আদালত অবমাননার অভিযোগে তার বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তার কারণ দর্শাতে বলা হয়েছে। একইসঙ্গে তাকে আগামী বৃহস্পতিবার আদালতে হাজির হওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী মাহমুদ হাসান বাবুলের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আবদুল হাইয়ের হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেন।
বাবুলের আবেদনে বলা হয়, তিনটি মামলায় জামিন নিয়ে কারাগার থেকে বেরিয়ে আসার পর মাহমুদ হাসান বাবুলকে গত ২৩ জানুয়ারি কারাগারের সামনে থেকে গ্রেপ্তার করেন নবজ্যোতি খিসা। বাবুলের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরিও (জিডি) করেন তিনি। তাতে উল্লেখ করা হয়, বাবুল প্রতিপত্তির মাধ্যমে হাইকোর্ট থেকে জামিন নিয়েছেন।
জিডিতে নবজ্যোতি খিসার এ বক্তব্য আদালত অবমাননাকর বলে হাইকোর্টে দায়ের করা বাবুলের আবেদনে বলা হয়।
এতে আরও বলা হয়, গত বছর ৫ ফেব্র"য়ারি বাবুলকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে একটি জিডি হয়। এতে ওই বছরের ১২ ফেব্র"য়ারি তিনি জামিন পান। আবার জিডি করা হলে তিনি গত ১৬ জানুয়ারি জামিন পান। এরপর আবার তার বিরুদ্ধে জরুরি বিধিতে জিডি করা হলে এতে তিনি ২৩ জানুয়ারি জামিন পান।
মাহমুদ হাসান বাবুলের পক্ষে অ্যাডভোকেট শ ম রেজাউল করিম শুনানিতে অংশ নেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/এমআই/১৯২০ ঘ.
bdnews24