চট্টগ্রাম, ফেব্র"য়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বকেয়া ও খেলাপী বিল আদায়ে অভিযান জোরদার করেছে চট্টগ্রাম বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। জানুয়ারি মাসে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) বকেয়ার আদায়ের পরিমাণ প্রায় দেড় কোটি টাকা। এই সময় চার হাজার ২০১ জন খেলাপী গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
মঙ্গলবার চট্টগ্রাম পিডিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জানুয়ারি মাসে এক কোটি ৪২ লাখ ৪০ হাজার টাকার বকেয়া আদায় করা হয়েছে। এই সময়ে বকেয়া পরিশোধ সাপেক্ষে ১ হাজার ৩১৩ গ্রাহকের সংযোগ আবার দেওয়া হয়েছে।
পিডিবির জনসংযোগ কর্মকর্তা মনিরুজ্জামান জানান, চট্টগ্রাম অঞ্চলের বিভিন্ন সার্কেলে খেলাপী গ্রাহকদের কাছে বকেয়ার পরিমাণ ৬ কোটি ৬৯ লাখ ৯৩ হাজার টাকা। বকেয়া আদায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাসহ অন্যান্য কার্যক্রম চলবে বলেও তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এমএসবি/১৯১৪ ঘ.
bdnews24