বাগেরহাট, ফেব্র"য়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটে মঙ্গলবার ভোর থেকে পুলিশের বিশেষ অভিযান শুরু হয়েছে। সোমবার মধ্যরাতে চিতলমারী থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশি ওয়ান স্যুটারগান উদ্ধার করেছে র্যাব। আগ্নেয়াস্ত্রটি চিতলমারী থানায় হস্তান্তর করা হয়েছে।
চিতলমারী থানার উপ-পরিদর্শক (এসআই) মতিনুর রহমান জানান, র্যাব-৬ এর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে চিতলমারী বাজারের পাশে জনৈক জোনাব আলীর বাড়ির উঠানের বালির স্তুপের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করে। এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
এ ব্যাপারে র্যাব-৬ এর উপসহকারী পরিচালক (ডিএডি) মো. মহসিন আলী মঙ্গলবার সকালে চিতলমারী থানায় একটি সাধারন ডায়েরি করেছেন।
বাগেরহাটের পুলিশ সুপার একেএম শহীদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চরমপন্থী, অস্ত্রধারী, তালিকাভুক্ত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীসহ অপরাধীদের ধরতে মঙ্গলবার ভোর থেকে বাগেরহাটে পুলিশের বিশেষ অভিযান শুরু হয়েছে। প্রথম পর্যায়ে একটানা অন্তত দুই সপ্তাহ এই অভিযান চলবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/১৬০০ ঘ.
bdnews24