ঢাকা, ফেব্র"য়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার কেরানীগঞ্জ উপজেলার পূর্ব আগানগরে জেলা পরিষদ মার্কেটের কাছে মঙ্গলবার ভোরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে হেলাল শেখ (৪২) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছে।
হেলাল শেখের বাড়ি মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কুমার বৌ গ্রামে। তিনি দীর্ঘদিন ধরেই কেরানীগঞ্জের নয়াবাড়ি এলাকায় থাকতেন। জেলা পরিষদ মার্কেটে তার দুটি দোকান রয়েছে।
হেলালের ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবস্থাপক রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পাওনা টাকা নিয়ে চুয়াডাঙ্গা থেকে মঙ্গলবার ভোরে কেরানীগঞ্জে ফিরে হেলাল বাসায় যাচ্ছিলেন। ভোর ৫টার দিকে পূর্ব আগানগরে জোড়া সেতুর কাছে তিনি ছিনতাইকারীর কবলে পড়েন। ছিনতাইকারীরা তার বুকে ছুরিকাঘাত করে টাকা নিয়ে পালিয়ে যায়। ছুরকাঘাতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে সকালে পুলিশ হেলালের লাশ উদ্ধার করে তা মিটফোর্ড হাসপাতালে নিয়ে আসে।
রেজাউল করিম জানান, হেলাল সব সময় নগদে পাওনা আদায় করতেন। কখনও চেক আনতেন না।
তার ধারণা, ছিনতাইকারীরা ১০ থেকে ১২ লাখ টাকা নিয়ে গেছে।
হেলালের বড় ভাই জয়নাল শেখ জানান, ছিনতাইয়ের সময় হেলালের সঙ্গে জামাল (৩৫) নামে এক জন সহযোগী ছিল। কিন্তু তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
কেরানীগঞ্জ দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক ঈশা খাঁ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হেলাল শেখ সমিতির একজন সদস্য। তিনি ছিলেন নির্বিরোধী লোক।
এ ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা কেরানীগঞ্জ থানার উপ-পরিদর্শক মধুসূদন দত্ত বলেন, এটাকে ছিনতাইয়ের ঘটনা বলেই মনে হচ্ছে। তবে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।
স্বজনরা জানান, রাকিব(১৪) ও রাস্না(৯) নামে হেলালের দুটি সন্তান রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৩১৬ ঘ.
bdnews24