২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রামীণফোন কর্মকর্তা খুনের ঘটনায় একজন গ্রেপ্তার

রাজধানীর কল্যাণপুরে গত শুক্রবার ভোরে গ্রামীণফোনের কর্মকর্তা বিলাল হোসেন (২৬) খুনের ঘটনায় সোমবার একজনকে গ্রেফতার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2008, 06:36 PM

Updated : 26 Aug 2022, 01:19 PM

ঢাকা, ফেব্র"য়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- রাজধানীর কল্যাণপুরে গত শুক্রবার ভোরে গ্রামীণফোনের কর্মকর্তা বিলাল হোসেন (২৬) খুনের ঘটনায় সোমবার একজনকে গ্রেফতার করেছে র‌্যাব। তার নাম মো. সেলিম (২০)। র‌্যাব জানিয়েছে, সেলিম তাদের কাছে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে। র‌্যাব-৪ এর ক্যাপ্টেন মশিউল আলম জানান, সোমবার বেলা দেড়টার দিকে কল্যাণপুর পোড়াবাড়ি বস্তি এলাকা থেকে সেলিমকে গ্রেপ্তার করা হয়। সেলিম খুনের বিষয়টি স্বীকার করেছে এবং তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, সেলিম বলেছে তারা দলে ছিল চারজন। বাকি তিনজন হচ্ছে সাজু, আজিম ও স্বপন। জিজ্ঞাসাবাদের সেলিম জানায়, সে ও সাজু বিলালকে ছুরিকাঘাত করে। ছিনতাইয়ে বাধা দেওয়ায় তাকে হত্যা করে। ক্যাপ্টেন মশিউল বলেন, মঙ্গলবার সেলিমকে আদালতে পাঠানো হবে। গত শুক্রবার ভোরে কর্মস্থল রাজশাহী থেকে বাসে ঢাকায় ফেরেন বিলাল। ভোরে কল্যাণপুর বাসস্ট্যান্ডে নেমে মিরপুরের পাইকপাড়ার বাসায় যাওয়ার সময় ছিনতাইকারীরা তাকে হত্যা করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জিএমএ/এমএইচবি/০০২৮ ঘ.