চট্টগ্রাম, ফেব্র"য়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের সায়েরতলি পাহাড়ী এলাকা থেকে রোববার বিকালে ১০ রাউন্ড গুলিসহ একটি একে-৪৭ রাইফেল উদ্ধার করেছে পুলিশ।
এছাড়া রাঙ্গুনীয়া উপজেলার রাজারহাট এলাকা থেকে শনিবার রাতে একটি রিভলবারসহ পাঁচটি অস্ত্র উদ্ধার করে র্যাব। তবে এই দুটি ঘটনায় কাউকে আটক করা যায়নি।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, স্থানীয় লোকজনের কাছ থেকে সংবাদ পেয়ে বিকাল সাড়ে চারটার দিকে পুলিশ সায়েরতলির দুর্গম পাহাড়ী এলাকা থেকে অত্যাধুনিক এই রাইফেলটি উদ্ধার করে। রাইফেলটির ম্যাগাজিনে ১০ রাউন্ড গুলি ছিল।
তিনি জানান, ২০০৪ সালে পুলিশের সঙ্গে স্থানীয় সন্ত্রাসী একটি দলের গোলাগুলি হয়। সেসময় পুলিশ একটি একে-৪৭ রাইফেলসহ সাতজনকে গ্রেপ্তার করেছিল। এদের মধ্যে জামায়াতে ইসলামীর সাবেক সাংসদ শাহজাহান চৌধুরীর ভাগ্নে মঞ্জু চৌধুরীও ছিলেন বলে তিনি জানান।
র্যাব-৭ এর স্টাফ অফিসার সহকারী পুলিশ সুপার শরিফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার মধ্যরাতে রাঙ্গুনীয়ার রাজারহাট এলাকায় সন্ত্রাসীদের একটি আস্তানায় র্যাব সদস্যরা অভিযান চালায়। এ সময় একটি রিভলবার, তিনটি দেশি বন্দুক, একটি পাইপগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
তিনি জানান, সন্ত্রাসীরা র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
তিনি জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
র্যাবের অপর একটি দল নগরীর কদমতলী বাসস্ট্যান্ড থেকে পরিত্যক্ত অবস্থায় ৭৫ পুরিয়া হেরোইন ও ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/কিউএইচ/এমএসবি/১৮৪৮ ঘ.
bdnews24