ঢাকা, ফেব্র"য়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলা ভাষা, সংস্কৃতি ও ইতিহাস বিষয়ক কোর্স চালুর তাগিদ দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এছাড়া যেসব বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা কমপক্ষে তিন হাজার সেখানে বাংলা বিভাগ চালু করতে বলা হয়েছে।
দেশের অধিকাংশ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগ নেই। তাছাড়া এসব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার মাধ্যম হিসেবেও বাংলা ব্যবহৃত না হওয়ায় শিক্ষাবিদরাও বিভিন্ন সময় প্রশ্ন তোলেন।
ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এটা ঠিক যে দেশের বেশির ভাগ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা উপেক্ষিত। আমরা এখন সব বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বলছি, পূর্ণাঙ্গ বাংলা বিভাগ চালু না করা গেলেও অন্তত বাংলা ভাষা, সংস্কৃতি ও দেশের ইতিহাস নিয়ে যেন কোর্স চালু করা হয়।"
অধ্যাপক নজরুল জানান, দু'একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় ইতোমধ্যে বাংলা ভাষা বিষয়ক কোর্স চালু করেছে।
আরও কয়েকটি বিশ্ববিদ্যালয় এ ধরনের কোর্স চালুর জন্য সিলেবাস জমা দিয়েছে জানিয়ে ইউজিসি চেয়ারম্যান বলেন, "আমরা যথা শিগগিরই ওই সিলেবাস অনুমোদন দিয়ে দেব।"
দেশে বর্তমানে ইউজিসি স্বীকৃত ৫১টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার প্রধান মাধ্যম ইংরেজি। এ সব বিশ্ববিদ্যালয়ে প্রধানত বিবিএ, এমবিএ, কম্পিউটার বিজ্ঞানসহ কয়েকটি বিষয় পড়ানো হয়।
ইংরেজির প্রয়োজনীতার কথা স্বীকার করলেও বাংলাকে উপেক্ষা করা ঠিক হচ্ছে না বলে মনে করেন শিক্ষাবিদরা।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ইনস্টিটিউটের শিক্ষক ও কবি অধ্যাপক মুহাম্মদ সামাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন "যে কোনও দেশে শিক্ষার জন্য মাতৃভাষাই প্রধান মাধ্যম হওয়া উচিত।"
তিনি বলেন, "কারণ আমরা যখন অন্য ভাষায় কথা বলি, তখন মনে মনে মাতৃভাষায় সেটি অনুবাদ করে বোঝার চেষ্টা করি। মাতৃভাষায় পড়ার সুযোগ থাকলে বিষয়বস্তু দ্রুত আয়ত্তে আনা সম্ভব হয়।"
নজরুল ইসলাম বলেন, "যেহেতু এগুলো বাংলাদেশের বিশ্ববিদ্যালয় তাই এখানে বাংলা ভাষা, সাহিত্য, সংস্কৃতি এবং বাংলাদেশের ইতিহাস ও ভৌগলিক বিষয় পড়াতে হবে। আমি আশা করব সব বেসরকারি বিশ্ববিদ্যালয় পর্যায়ক্রমে এসব বিষয় চালু করবে।"
তিনি বলেন, "যে সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা কমপক্ষে তিন হাজার সেখানে পূর্ণাঙ্গ বাংলা বিভাগ চালুর আহ্বান জানিয়েছি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউএ/কিউএইচ/এমআই/১৫১৬ ঘ.
bdnews24