২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোবেল চোরের সহযোগী ঢাকায় গ্রেপ্তার

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পদক চুরির মূল হোতা ভারতের জীবন সিংয়ের সহযোগী শিপলুকে রাজধানীর লালবাগ থেকে গ্রেপ্তার করা হয়েছে । গ্রেপ্তারের পর সিআইডি পুলিশ শিপলুকে জিজ্ঞাসাবাদ করে। সিআইডি'র অতিরিক্ত পুলিশ সুপার মো.আবদুল্লাহ আরেফ শনিবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বৃহস্পতিবার গভীর রাতে শিপলুর লালবাগের বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2008, 09:25 AM

Updated : 26 Aug 2022, 01:19 PM

ঢাকা, ফেব্র"য়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পদক চুরির মূল হোতা ভারতের জীবন সিংয়ের সহযোগী শিপলুকে রাজধানীর লালবাগ থেকে গ্রেপ্তার করা হয়েছে । গ্রেপ্তারের পর সিআইডি পুলিশ শিপলুকে জিজ্ঞাসাবাদ করে। সিআইডি'র অতিরিক্ত পুলিশ সুপার মো.আবদুল্লাহ আরেফ শনিবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বৃহস্পতিবার গভীর রাতে শিপলুর লালবাগের বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।" সিআইডি কর্মকর্তা জানান, শিপলু কবিগুরুর পদক চুরির মূল হোতা জীবন সিংয়ের অন্যতম সহযোগী। লালবাগের বাসায় শিপলুর সঙ্গে জীবন সিংও আছে এমন খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। তবে জীবনকে পাওয়া যায়নি। সিআইডি বাসা ঘিরে ফেললে শিপলু পালানোর চেষ্টা করে বলে তিনি জানান। সিআইডি কর্মকর্তা আরেফ জানান, জীবন সিং বাংলাদেশে শিপলুদের আশ্রয়েই থাকে এ তথ্যের ব্যাপারে তারা নিশ্চিত হয়েছেন। তাছাড়া জীবনকে গ্রেপ্তারের জন্য কলকাতা সিআইডিও গতমাসে বাংলাদেশ পুলিশকে অনুরোধ জানিয়েছে। শিপলুকে জীবন সিংয়ের অবস্থান এবং পদক চুরির বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়া হবে। শনিবার বিকালে সিআইডি সাত দিনের রিমান্ড চেয়ে শিপলুকে আদালতে পাঠায়। আদালত শিপলুকে কারাগারে পাঠিয়ে দিয়ে রোববার রিমান্ডের শুনানির দিন ধার্য করেছে। এর আগে গত ৫ নভেম্বর র‌্যাব সদস্যরা রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পদকের সন্ধানে রাজধানীর গুলশানে সিটি কর্পোরেশন মার্কেটের 'রোকসানা হ্যান্ডিক্রাফটস' এ অভিযান চালায়। শিপলু ওই দোকানের মালিক আবুল হোসেনের ছেলে। সে কিছুদিন আগে ইতালি থেকে দেশে ফিরেছে। তবে র‌্যাব আবুল হোসেনকে গ্রেপ্তার করে রিমান্ডে এনে ব্যাপক জিজ্ঞাসাবাদ করেও কোনো তথ্য বের করতে পারেনি। র‌্যাব সূত্র জানায়,রোকসানা হ্যান্ডিক্রাফটসের সামনে দোকান মালিকের সঙ্গে হিন্দিতে একজনকে কথা বলতে দেখা গেছে। সে সূত্র ধরেই কিছুদিন নজরদারিতে রাখার পর নভেম্বর মাসে এ অভিযান চালায় র‌্যাব। এ ব্যাপারে র‌্যাব -৩ অধিনায়ক সুলতান মোহাম্মদ নূরানী শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সিআইডি শিপলুকে গ্রেপ্তার করেছে বলে জেনেছি। নোবেল পদক চুরির মূল হোতাকে গ্রেপ্তারের জন্য র‌্যাব বেশ কিছুদিন ধরে কাজ করছে।" ২০০৪ সালের ২৫ মার্চ পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনের রবীন্দ্র জাদুঘর থেকে পদকটি চুরি হয়। ওই সময় নোবেল পুরস্কারের মানপত্র, কবিগুরুর আঁকা কিছু ছবি, সোনার আংটি, সোনার পকেট ঘড়ি, তার স্ত্রী মৃণালিনী দেবীর শাড়ি, সোনার চুরি ও জুতাসহ আরও কয়েকটি জিনিস চুরি হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম /এলএইচ/এসএম/জিএমএ/এসকে/১৯১৭ঘ.