ঢাকা, ফেব্র"য়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--'কবিতার মন্ত্র, জয় গণতন্ত্র' এই শ্লোগান নিয়ে জাতীয় কবিতা পরিষদের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার চত্বরে শুরু হয়েছে দুদিনব্যাপী জাতীয় কবিতা উৎসব, ২০০৮।
শুক্রবার সকালে উৎসবের উদ্বোধন করে কবি সৈয়দ শামসুল হক বলেন, "আজ দেশে গণতন্ত্র মৃত। আমরা কার্যত শৃঙ্খলিত।" তিনি এর বিরুদ্ধে জনগণকে 'একাত্তরের চেতনায়' ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
জাতীয় কবিতা পরিষদের দ্বাবিংশ এই উৎসবের উদ্বোধন করতে গিয়ে কবি সৈয়দ হক বলেন, "আমি দু'পাশে দুটি লাশ নিয়ে আজ এই মঞ্চে দাঁড়িয়েছি। একটি হচ্ছে গণতন্ত্রের লাশ; আরেকটি হচ্ছে কবিতার লাশ। নাগরিকদের সকল সুযোগ - সুবিধা প্রদানে গণতন্ত্রের বিকল্প নেই। কিন্তু গণতন্ত্র এখন মৃত। এই মুহূর্তে গণতন্ত্র চাই। সময় বয়ে যাচ্ছে। এখনই মৃত গণতন্ত্রে প্রাণ ফিরিয়ে আনতে হবে। এ জন্য জনগণকে হতে হবে গ্রন্থিত। যে চেতনায় একাত্তরে আমরা রুখে দাঁড়িয়েছিলাম, সে চেতনায় আবার আমরা একসঙ্গে উঠে দাঁড়াই।"
কবিতার বর্তমান পরিস্থিতির কথা বলতে গিয়ে তিনি বলেন, "গত কয়েক বছর ধরে আমি লক্ষ্য করছি, কবিতায় নতুন নির্মাণের উদ্যোগ নেই। কবিতার নতুন নতুন ভূমি আবিস্কারের ঝুঁকি নেই। এ থেকে কবিকে বেরিয়ে আসতে হবে।"
উৎসবে যোগ দেওয়া মুম্বাইয়ের কবি সাথী চট্টোপাধ্যায় সাংবাদিকদের তার অনুভূতির কথা জানিয়ে বলেন, "এই প্রথমবারের মতো এই উৎসবে এসে খুব ভাল লাগছে। বাংলা ভাষার প্রতি এই ভালবাসার তীব্রতা সত্যিই বিস্ময়কর।"
কলকাতার কবি তুষার চৌধুরী সাংবাদিকদের বলেন, "ঢাকার কবিতা উৎসব দেখার অনেক দিনের শখ ছিল; আজ সেই শখ পূরণ হলো। এখানকার কবিদের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পেলাম। কলকাতার কবিতার উৎসবের সঙ্গে এই কবিতা উৎসবের পার্থক্য হচ্ছে, এখানে আন্তরিকতা অনেক বেশি।"
এর আগে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, শিল্পাচার্য জয়নুল আবেদীন, শিল্পী কামরুল হাসানের সমাধি এবং কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পাঞ্জলি নিবেদন, জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত এবং অমর একুশের গান পরিবেশনার মধ্যে দিয়ে উৎসবের সূচনা হয়।
উদ্বোধকের বক্তব্যের আগে কবি রবীন্দ্র গোপ শোক প্রস্তাব এবং রবিউল হোসাইন ঘোষণাপত্র পাঠ করেন। কবিতা পরিষদ সভাপতি হাবিবুল্লাহ সিরাজী, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া পিনু, উৎসবের আহ্বায়ক আসাদ চৌধুরী এবং যুগ্ম আহ্বায়ক তারিক সুজাত বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিআর/এসকে/১৫০৮ঘ.
bdnews24