মাগুরা, ফেব্র"য়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাগুরার শ্রীপুর উপজেলার চৌগাছি গ্রামে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছে।
নিহতের নাম শাহাজাহান আলী বিশ্বাস (৫০)। বৃহস্পতিবার বিকালে সংঘর্ষে আহত শাহজাহান শুক্রবার সকালে মাগুরা সদর হাসপাতালে মারা যান।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসাহাক হোসেন জানান, চৌগাছি গ্রামের আবকর বিশ্বাসের ছাগল ওহাব বিশ্বাসের ক্ষেতের ফসল খেলে তা নিয়ে বৃহস্পতিবার বিকালে দুই পক্ষের সংঘাত বেঁধে যায়।
ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে উভয় পক্ষ একে অপরের ওপরে হামলে পড়ে বলে ওসি জানান।
তিনি বলেন, সংঘর্ষে গুরুতর আহত শাহজাহান আলীকে রাতেই সদর হাসপাতালে পাঠানো হয়। এছাড়া আরও ১০ জন ওই সংঘর্ষে আহত হন।
এ ঘটনায় নিহত শাহজাহানের ভাই বাদি হয়ে শ্রীপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন বলে পুলিশ কর্মকর্তা ইসাহাক জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪১৩ ঘ.
bdnews24