ঢাকা, ফেব্র"য়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাঁচ বছর বন্ধ থাকার পর আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউট এর ভবন নির্মাণের কাজ আবার শুরু হয়েছে।
২০০০ সালে অনুমোদনের পর প্রকল্পটি বাস্তবায়নের জন্য এ পর্যন্ত সময় বাড়ানো হয়েছে তিন বার। শুরুতে ১০ তলা ভবনের পরিকল্পনা থাকলেও তা ছেঁটে হয়েছে নামিয়ে আনা হয়েছে তিন তলায়। প্রকল্প পরিচালক শিরিন আখতার আশা করছেন, আগামী দেড় বছরের মধ্যে ওই তিন তলা ভবনের নির্মাণ কাজ শেষ করা যাবে।
টানা পাঁচ বছর বন্ধ থাকার পর ফখরুদ্দীন সরকার ক্ষমতায় আসার পর প্রকল্পটি আবার গতি পায়। সংশোধিত প্রকল্পের আওতায় তিন তলা ভবন নির্মাণে বরাদ্দ দেওয়া হয় ২১ কোটি ৯৮ লাখ ৬০ হাজার টাকা। ওই সিদ্ধান্ত অনুযায়ী মঙ্গলবার থেকে কাজ শুরু করে ঠিকাদারী প্রতিষ্ঠান 'ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেড'।
'আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউট' প্রকল্পের পরিচালক শিরিন আখতার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ''ভবনটির নির্মাণ কাজ শুরু হয়ে গেছে। আশা করছি কার্যাদেশ অনুযায়ী ১৮ মাসের মধ্যে তিন তলা ভবন নির্মাণ হয়ে যাবে।''
১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেস্কোর ৩০তম সাধারণ সম্মেলনে একুশে ফেব্রয়ারিকে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস ঘোষণার পর তৎকালীন সরকার ঢাকায় একটি 'আর্ন্তজাতিক মাতৃভাষা ইন্সটিটিউট' গড়ে তোলার সিদ্ধান্ত নেয়। ২০০০ সালের আগস্টে জাতীয় অর্থনৈতিক পরিষদের (একনেক) অনুমোদন পায় প্রকল্পটি।
প্রকল্প পরিচালক ও কয়েকজন কর্মকর্তা জানান, পৃথিবীর বিভিন্ন ভাষা সর্ম্পকে তথ্য সংগ্রহ করে আধুনিক পদ্ধতিতে সংরক্ষণ, ওয়েবসাইটের মাধ্যমে উপস্থাপন, দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সহায়তায় ভাষা সর্ম্পকে গবেষণা পরিচালনা করাই এ ইন্সটিটিউটের উদ্দেশ্য।
এছাড়া ভাষানীতি প্রণয়নে সরকারকে সহযোগিতা করাসহ আন্তর্জাতিকভাবে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করবে আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউট।
চালু হওয়ার পর এ ইন্সটিটিউটের ব্যানারে ২০০২ ও ২০০৩ সালে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালন করা হলেও পরবর্তীতে মন্ত্রণালয়ের নির্দেশে তা বন্ধ হয়ে যায়। ওই দুই বছর ইন্সটিটউিটের পক্ষ থেকে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ, সেমিনার, পত্রিকায় ক্রোড়পত্র প্রকাশ, বিদেশি মিশনের অংশগ্রহণে বই ও মাল্টিমিডিয়া প্রর্দশনী করা হয়।
ভাষা ও সাহিত্যে বিশেষ অবদানের জন্য ২০০২ সালে ড. মোহাম্মদ শহীদুল্লাহ (মরণোত্তর) ও অধ্যাপক সৈয়দ আলী আহসান এবং ২০০৩ সালে শাহেদ আলী (মরণোত্তর) ও ড. কাজী দীন মোহাম্মদকে সন্মাননা পদক দেয় আর্ন্তজাতিক মাতৃভাষা ইন্সটিটিউট। খোলা হয় একুশে সম্বলিত একটি ওয়েবসাইটও।
আরো অনেক কিছুই করার কথা থাকলেও স্থায়ী কার্যালয় ও লোকবলের অভাবে আর্ন্তজাতিক মাতৃভাষা ইন্সটিটিউটের কার্যক্রম এখন স্থবির। প্রকল্প পরিচালক ছাড়া ইন্সটিটিউটের কর্মী সংখ্যা মোট ৯। ২০০১ সালে প্রকল্পের কার্যক্রম শুরুর সময় জনবল ছিল ১৮জন।
২০০১ সালে জাতিসংঘের মহাসচিব কফি আনান আর্ন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর ভবন নির্মাণের জন্য জমি হুকুম দখল, রেজিস্ট্রেশন, সীমানা প্রাচীর নির্মাণ, স্থাপত্য নকশা নির্বাচনসহ প্রশাসনিক ঝামেলা মিটিয়ে নির্মাণকাজ শুরু হয় ২০০৩ সালের এপ্রিলে। কিন্তু বেজমেন্টের পিলার নির্মাণের পর ওই বছরই আটকে যায় প্রকল্পের কাজ। বর্তমান সরকার উদ্যোগ নেয়ার পর গত মঙ্গলবার প্রকল্পটির কাজ আবার শুরু হয়।
ঠিকাদারী প্রতিষ্ঠান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেডের তথ্য অনুযায়ী, ২০০৩ সাল থেকে এ পর্যন্ত ভবনটির ২২ ভাগ কাজ শেষ হয়েছে।
বৃহস্পতিবার প্রকল্প এলাকা ঘুরে দেখা গেছে, ঠিকাদারী প্রতিষ্ঠানের লোকজন ইট-রড পাথর থেকে লতা-গুল্ম পরিষ্কার করছে।
ঠিকাদারী প্রতিষ্ঠানের সুপারভাইজার সুভাষ চন্দ্র মিত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ''মঙ্গলবার থেকে আমরা কাজ শুরু করেছি। ইট-পাথর ও পিলারে রড স্থাপনের কাজ শুরু হবে কয়েকদিনের মধ্যে। প্রধান প্রকৌশলী ও প্রকল্প পরিচালক প্রকল্প এলাকা ঘুরে গেছেন। নির্ধারিত সময়েই আমরা নির্মাণ কাজ শেষ করে ফেলব।''
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/কিউএইচ/জেকে/জিএনএ/১৪২৪ ঘ.
bdnews24