কুষ্টিয়া, ফেব্র"য়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় শুক্রবার ভোররাতে পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' এক 'চরমপন্থী' নেতা নিহত হয়েছে।
নিহতের নাম একদিল। কুমারখালীর উত্তর মূল গ্রামে পুলিশ-চরমপন্থী বন্দুকযুদ্ধের সময় তিনি নিহত হন বলে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর মোর্শেদ জানিয়েছেন।
ঘটনাস্থল থেকে একটি শাটারগান ও সাত রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ কর্মকর্তা মনজুর মোরশেদ বলেন, উত্তর মূল গ্রামের একটি আখ ক্ষেতে চরমপন্থী নেতা একদিল তার সদস্যদের নিয়ে বৈঠক করছে- এ খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। রাত ২টার দিকে পুলিশ ঘটনাস্থলে গেলে চরমপন্থীরা গুলি ছুড়তে শুরু করে। তখন পুলিশও পাল্টা গুলি চালায়।
ওসি জানান, বন্দুকযুদ্ধের একপর্যায়ে গুলিবিদ্ধ হয়ে একদিল মারা যায়। তখন তার সহযোগীরা লাশ ফেলে পালিয়ে যায়।
পুলিশ জানায়, একদিলের বিরুদ্ধে হত্যার অভিযোগে আটটিসহ ডজন খানেক মামলা রয়েছে। এর মধ্যে একটি অস্ত্র মামলায় তার ১২ বছরের সাজা হয়। তবে সে পলাতক ছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২১২ ঘ.
bdnews24