ঢাকা, ডিসেম্বর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বরাষ্ট্র উপদেষ্টা এম এ মতিন মনে করেন, পরবর্তী সরকারের প্রথম কাজই হবে আইন-শৃঙ্খলা বাহিনীর মধ্যে আত্মবিশ্বাস সৃষ্টি করা। বর্তমান সরকার যেখানে কাজ শেষ করেছে, নতুন সরকারকে সেখান থেকেই কাজ শুরু করতে হবে।
আগামী ৩০ জানুয়ারি থেকে ১ ফেব্র"য়ারি পর্যন্ত টঙ্গীতে অনুষ্ঠেয় বিশ্ব-ইজতেমা উপলক্ষে বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক সভার পর উপদেষ্টা সাংবাদিকদের এ কথা বলেন।
নতুন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের পর পুলিশ বাহিনীর ওপর এর প্রভাব পড়বে কি না- জানতে চাইলে উপদেষ্টা মতিন বলেন, "আশা করছি, পুলিশ বাহিনীর ওপর এর কোনো প্রভাব পড়বে না। আমরা ক্ষমতায় থাকা অবস্থায় পুলিশের ওপর কোনো হস্তক্ষেপ করিনি। পুলিশ নিজের গতিতেই কাজ করেছে।"
তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নেওয়ার পর 'অনেকের কাছ থেকে তেমন সহযোগিতা পায়নি' মন্তব্য করে উপদেষ্টা বলেন, "সহযোগিতা পেলে আরও ভালো কাজ করতে পারতাম।"
তাবলিগ জামাতের ধর্মীয় সমাবেশ বিশ্ব ইজতেমার প্রস্তুতি সম্পর্কে এম এ মতিন বলেন, "প্রতি বছরের মতো এবারও ইজতেমার জন্য সরকারের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। গত বছর ৭২টি দেশের প্রতিনিধিরা এসেছিলেন। এবার আরও বেশি দেশ থেকে আসতে পারেন।"
এবার ইজতেমা স্থলের আশেপাশে ১০ হাজার নিরাপত্তাকর্মী মোতায়েন করা হবে। ক্লোজড সার্কিট ক্যামেরায় নজরদারী ছাড়াও হেলিকপ্টারে টহলের ব্যবস্থা থাকবে। আখেরী মোনাজাতের দিন যানজট নিয়ন্ত্রণে বিভাগীয় কমিশনারের নেতৃত্বে একটি উপ-কমিটি কাজ করবে। একটি কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ ও নয়টি উপ-কেন্দ্র স্থাপন করা হবে।
উপদেষ্টা এম এ মতিনের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে সচিব আবদুল করিম, বিশ্ব-ইজতেমার 'মুরুব্বী' এরশাদুল হক, ঢাকা মহানগর পুলিশ কমিশনার নাঈম আহমেদসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/এসকে/২৩০২ঘ.
bdnews24