নীলফামারী, ডিসেম্বর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নীলফামারী-সৈয়দপুর সড়কে বুধবার সকালে বাসচাপায় দুই শিশু নিহত হয়েছে।
বাবার সঙ্গে মোটর সাইকেলে যাওয়ার সময় ইটাখোলা ইউনিয়নের ফুলতলা এলাকায় দুর্ঘটনায় ওই শিশু দুটির মৃত্যু হয় বলে পুলিশ জানিয়েছে।
নিহত শিশুরা হচ্ছে- রাফিত (৭) ও রাদ (৪)। তাদের বাবা মেজবাউল হক চৌধুরী জেলা শহরের শাহীপাড়ার বাসিন্দা। তিনি দিনাজপুর পুলিশ সুপার কার্যালয়ের অফিস সহকারী।
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুল ইসলাম সাংবাদিকদের জানান, মেজবাউল দুই ছেলেকে নিয়ে মোটর সাইকেলে করে নীলফামারী শহরে আসছিলেন। ফুলতলা এলাকায় হঠাৎ শিশু দুটি মোটর সাইকেল থেকে ছিটকে সড়কের ওপর পড়ে। ওই সময় যাত্রীবাহী একটি বাস দুই ভাইকে চাপা দেয়।
দুর্ঘটনায় রাফিত ঘটনাস্থলেই মারা যায়। রাদ মারা যায় নীলফামারী সদর হাসপাতালে।
মেজবাউল অক্ষত আছেন। বাসটিকে আটক করা যায়নি বলে পুলিশ জানায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫২৯ ঘ.
bdnews24