ঢাকা, ৩০ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খ্রিস্টীয় নববর্ষের প্রথম প্রহরে (থার্টি ফার্স্ট নাইট) উচ্ছৃঙ্খলতা বা অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না করার জন্য নগরবাসীর প্রতি আহবান জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ।
মহানগর পুলিশ কমিশনার নাইম আহমেদ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে 'দেশীয় সংস্কৃতি ও মূল্যবোধে আঘাত করে'- এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য ঢাকার নাগরিকদের অনুরোধ জানান।
এদিকে 'থার্টিফার্স্ট নাইট' এর জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে পুলিশ। এদিন ঢাকার সবগুলো অভিজাত এলাকার পাশাপাশি বিশ্ববিদ্যালয় এলাকাগুলোতে টহল বাড়ানো হবে। প্রতিটি রাস্তায় বসানো হবে চেকপোস্ট, পুলিশের পাশাপাশি র্যাব সদস্যরাও মাঠে থাকবে।
বুধবার সন্ধ্যার পর রাজধানীর সব বার বন্ধ করে দেবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তবে পাঁচতারা হোটেলগুলো এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক (ঢাকা জোন) ফজলুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাজধানীতে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্যে আমরা সর্বোচ্চ সতর্কবস্থায় থাকব। অধিদপ্তরের কর্মী ও পুলিশ সদস্যদের নিয়ে গড়া ছয়টি বিশেষ টিম সারারাত নগরীর স্পর্শকাতর এলাকাগুলোতে টহল দেবে। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, গুলশান, বনানী, ধানমন্ডিসহ অভিজাত এলাকাগুলো এবং পুরান ঢাকায় থাকবে বিশেষ টহল।"
যান চলাচলে নিষেধাজ্ঞা
৩১ তারিখ রাত ১০টা থেকে রাজধানীর কয়েকটি রাস্তায় যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ। গুলশান, বনানী ও বারিধারায় প্রবেশের জন্য তেজগাঁও শিল্প এলাকা-ফিনিক্স রোড ক্রসিং, আমতলী ক্রসিং, কাকলী ক্রসিং, ডিওএইচএস বারিধারা ইউনাইটেড হাসপাতাল ক্রসিং ও নতুন বাজার ক্রসিং ব্যবহার করা যাবে। এছাড়া অন্যসব ক্রসিং বন্ধ থাকবে।
একই সময় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশের জন্যে শাহবাগ ক্রসিং, পুরাতন হাইকোর্ট ক্রসিং, পলাশী ক্রসিং ও নীলক্ষেত ক্রসিং ব্যবহার করা যাবে। এসব এলাকার বাসিন্দাদের নির্ধারিত সময়ের আগেই বাসায় ফেরার জন্যে অনুরোধ করা হয়েছে মহানগর পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/জেকে/এসকে/২২৩৪ঘ.
bdnews24