ঢাকা, ২৯ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--ঢাকা-৮ আসনের কয়েকটি ভোটকেন্দ্র ও তার আশপাশের এলাকায় উৎসবের আমেজ লক্ষ্য করা গেছে।
ঢাকা বিজ্ঞান কলেজ কেন্দ্রের ৩ নম্বর বুথে নৌকা প্রতীকের এজেন্ট শেখ সিরাজুল ইসলাম বলেন, "সকাল থেকেই শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। কখনো ভোটারের চাপ একটু বেশি থাকে, কখনো হালকা।"
পোলিং অফিসার মোহাম্মদ আবু নাসের বলেন, "এ কেন্দ্রের মোট ভোট ২,৪৭৮টি। সকাল ৮টা থেকে ভোট শুরু হয়ে ১০ টা ১৫ মিনিট পর্যন্ত এর মধ্যে প্রায় এক তৃতীয়াংশ ভোটদান সম্পন্ন হয়েছে।"
বুথের বাইরে লম্বা লাইনে দাঁড়িয়ে ভোটাররা অপেক্ষা করছেন। এসময় ভোটারদের লাইনে দাঁড়িয়ে খোশগল্প করতে দেখা গেছে।
ঢাকা-৮ আসনের চারদলীয় জোট প্রার্থী হাবিবুন নবী সোহেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সিল দেওয়ার সমস্যার কথা উল্লেখ করে বলেন, "ব্যালট পেপারে ধানের শীষ প্রতীকের উল্টো দিকে একটি প্রতীক থাকায় ধানের শীষে সিল দেওয়ার পর ব্যালটটি ভাঁজ করলে সিলের কালি উল্টো পাশের প্রতীকেও লেগে যায়। এর ফলে ব্যালটটি বাতিল হয়ে যাওয়ার আশঙ্কা আছে। কিন্তু নৌকা প্রতীকের উল্টো দিকে কোনো প্রতীক নেই।"
সোহেল জানান, তার নির্বাচনী এলাকার ১৪/১৫টি কেন্দ্র ঘুরে ভোটারদের কাছ থেকে ব্যালট পেপারের বিষয়ে এই একই অভিযোগ পেয়েছেন তিনি।
এ বিষয়ে ঢাকা বিজ্ঞান কলেজ ভোট কেন্দ্রের সহকারী প্রিজাইডিং অফিসার নিগার সুলতানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সিল মারার পর ব্যালট পেপার ভাঁজ করলে কালি অন্য কোনো প্রতীকে লাগার কোনো আশঙ্কা নেই।"
ওদিকে, ভোটকেন্দ্রের ভেতরে মোবাইল ফোন নিয়ে যাওয়া নিষিদ্ধ থাকলেও অনেককে মোবাইল নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে দেখা গেছে। ঢাকা বিজ্ঞান কলেজ কেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত পুলিশ কনস্টেবল ইসহাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, " হ্যাঁ, কেউ কেউ মোবাইল নিয়ে ভেতরে যাচ্ছে। তবে মোবাইল ফোন নেওয়া নিষেধ, কাউকে নিতে দেওয়া যাবে না এমন কোনো নির্দেশনা আমাদের দেওয়া হয়নি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এডি/এএমটি/এসকে/১১১৫ঘ.
bdnews24