মেহেরপুর, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- মেহেরপুরের মুজিবনগর উপজেলা থেকে তিনটি শক্তিশালী বোমা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার মোনাখালী ইউনিয়নের চকশ্যামনগর নিম্ন মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে বোমাগুলো উদ্ধার করা হয়। প্রতিটি বোমার ওজন প্রায় এক কেজি এবং বড় জর্দার কৌটার মত দেখতে কৌটায় লাল টেপ দিয়ে মোড়ানো বলে জানান র্যাব কর্মকর্তারা।
তারা দাবি করেন, কোন সমাবেশে যদি এ ধরনের একটি বোমার বিস্ফোরণ ঘটানো তাহলে অন্তত ৫০ জন মানুষ মারা যেতে পারে।
মেহেরপুর র্যাবের অধিনায়ক লেফটেন্যান্ট নূর মোহাম্মদ তারিক আজিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তিনজন সন্ত্রাসী বোমাসহ চকশ্যামনগর এলাকায় অবস্থান করছে- এমন সংবাদ পেয়ে রাত ৮টার দিকে র্যাব ওই এলাকার নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের পিছেনে অভিযান চালায়। ব্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় একটি ব্যাগ ভরা তিনটি বোমা।
বোমা উদ্ধার এলাকা থেকে প্রায় তিন কিলোমিটার দূরে জেলা শহরে শনিবার বিকেলে মেহেরপুর-১ (সদর) আসনের জামায়াত প্রার্থী ছমির উদ্দিনের এবং চার কিলোমিটার দূরে কেদারগঞ্জ মাঠে চারদলীয় জোট প্রার্থী বিএনপির মাসুদ অরুণের নির্বাচনী সমাবেশের কথা রয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোরশেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বোমাগুলো এখন থানায় পানিভর্তি বালতির মধ্যে রাখা আছে।
নির্বাচনের প্রাক্কালে দেশব্যাপী নিরাপত্তা জোরদার করার মধ্যে সর্বশেষ এ বিস্ফোরক উদ্ধারের ঘটনা ঘটলো।
কয়েকদিন আগে কুমিল্লায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নির্বাচনী প্রচারের সময় ওই এলাকায় গ্রেনেডসহ কয়েকজন সন্দেহভাজন জঙ্গিকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার প্রায় নজিরবিহীন নিরাপত্তায় পল্টনের জনসভায় ভাষণ দেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।
কুমিল্লায় গ্রেনেড উদ্ধারের পর দুই নেত্রীর নিরাপত্তা জোরদার করে সরকার। তারা অবশ্য আগে থেকেই ভিআইপি মর্যাদায় এসএসএফ নিরাপত্তা পাচ্ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/এসকে/২১৩৫ ঘ.
bdnews24