২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহী ও নওগাঁয় ৩১ বোমা উদ্ধার

নওগাঁ ও রাজশাহীতে ৩১টি তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে বৃহস্পতিবার রাতে রাজশাহী নগরীর মেহেরচণ্ডী কড়াইতলা থেকে উদ্ধার করা হয়েছে ২৫টি বোমা। জড়িত সন্দেহে ছাত্রদল ও ছাত্রশিবিরের পাঁচ কর্মীকে আটক করা হলেও পরে ছেড়ে দেওয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2008, 02:33 PM

Updated : 26 Aug 2022, 02:51 PM

ঢাকা, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নওগাঁ ও রাজশাহীতে ৩১টি তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে বৃহস্পতিবার রাতে রাজশাহী নগরীর মেহেরচণ্ডী কড়াইতলা থেকে উদ্ধার করা হয়েছে ২৫টি বোমা। জড়িত সন্দেহে ছাত্রদল ও ছাত্রশিবিরের পাঁচ কর্মীকে আটক করা হলেও পরে ছেড়ে দেওয়া হয়। অপর দিকে শুক্রবার বিকেলে নওগাঁ সদর উপজেলার বুজরুক পাথরঘাটা গ্রাম থেকে ছয়টি তাজা বোমা উদ্ধার এবং তিনজনকে আটক করা হয়েছে। আমাদের প্রতিনিধির পাঠানো সংবাদ- রাজশাহী: রাজশাহী মহানগরীর মেহেরচণ্ডী কড়াইতলার একটি নির্মাণাধীন ভবন থেকে বৃহস্পতিবার রাতে ২৫টি তাজা বোমা উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। ওই ভবনের পার্শ্ববর্তী একটি মেস থেকে রাজশাহী বিশ্বদ্যিালয়ের ছাত্রদল ও ছাত্রশিবিরের পাঁচ কর্মীকে আটক করা হয়। তবে জিজ্ঞাসাবাদের পর শুক্রবার বিকেলে তাদের ছেড়ে দেওয়া হয়। এরা হলেন- ছাত্রদল কর্মী কামরুল হাসান, শিবির কর্মী রুহুল আমিন, হাবিব, রফিকুল ইসলাম ও রশিদ। এরা সবাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের বিভিন্ন বর্ষের ছাত্র। গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার মাহফুজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পুলিশ নগরীর মেহেরচণ্ডী কড়াইতলার টাইটান মেসের পার্শ্ববর্তী একটি ভবনে অভিযান চালায়। নির্মাণাধীন এই ভবনে তল্লাশি চালিয়ে বালুর নিচে লুকিয়ে রাখা লাল ও কালো টেপ দিয়ে মোড়ানো ২৫টি তাজা বোমা পাওয়া যায়। এ সময় টাইটান মেস থেকে ছাত্রদল ও ছাত্র শিবিরের পাঁচ কর্মীকে আটক করা হয়। আসন্ন সংসদ নির্বাচনে নাশকতার কাজে ব্যবহারের জন্য বোমাগুলো আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মহানগর পুলিশের (আরএমপি) বিশেষজ্ঞ দল বোমাগুলো বোয়ালিয়া মডেল থানায় এনে নিষ্ক্রিয় করে। আরএমপির বোমা বিশেষজ্ঞ উপ-পরিদর্শক আলমগীর জানান, বোমাগুলোর ভেতরে ফসফরাস ও কাচের গুড়োসহ বিস্ফোরণের অন্যান্য উপাদান ছিল। নওগাঁ: নওগাঁ সদর উপজেলার বুজরুক পাথরঘাটা গ্রাম থেকে শুক্রবার ছয়টি তাজা হাত বোমা উদ্ধার করেছে পুলিশ। এর সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে। এরা হলেন- বুজরুক পাথরঘাটা গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী মিনা (৪০), মান্দা উপজেলার পার ডিঙ্গি গ্রামের সাজুর মেয়ে মাজেদা (৩০) এবং চকদৌলত চুনাতিপাড়া গ্রামের আজিজুলের ছেলে সাইদ (২৫)। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত একরামুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ থানা পুলিশ এক পাথরঘাটা গ্রামের সাইফুল ইসলামের বাড়ি থেকে ছয়টি তাজা হাতবোমা ও একটি ডিজিটাল ভিডিও ক্যামেরা উদ্ধার করেছে। এ সময় সাইফুল ইসলাম (৫০) পালিয়ে যায়। বোমা রাখার অভিযোগে সাইফুলের স্ত্রী মিনাসহ তিনজনকে আটক করা হয়েছে। এদের থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কোনো নাশকতামূলক কাজে এ বোমাগুলো আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সাইফুলকে গ্রেপ্তার ও জিজ্ঞাসাবাদে প্রকৃত তথ্য উদঘাটন হবে বলের জানান তিনি। এ ব্যপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০২৬ ঘ.