মুন্সীগঞ্জ, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঘন কুয়াশার কারণে শুক্রবার ভোর ৪টা থেকে মাওয়া-কাওড়াকান্দি নৌ পথে সাত ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। এ সময় এক হাজারেরও বেশি যাত্রী নিয়ে দুইটি রো রো ফেরিসহ চারটি ফেরি মাঝ পদ্মায় আটকা পড়ে।
এছাড়া ধলেশ্বরী, মেঘনা ও পদ্মায় বিভিন্ন স্থানে যাত্রীবাহী ১১টি লঞ্চসহ অন্তত ১৮৭টি নৌযান আটকে যায়। কনকনে শীতে যাত্রীদের পোহাতে হয় সীমাহীন দুর্ভোগ।
সকাল ১১টার দিকে ফেরি ও নৌ চলাচল স্বাভাবিক হয় এবং আটকা পড়া নৌযানগুলো গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায় বলে বাংলাদেশ অভ্যন্তরণী নৌ পরিবহন সংস্থা- বিআইডব্লিউটিসির কর্মকর্তারা জানান।
বিআইডব্লিউটিসি'র মাওয়া ঘাটের ব্যবস্থাপক সিরাজুল ইসলাম বিকেলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঘন কুয়াশার কারণে ভোর ৪টা থেকে সকাল ১১টা পর্যন্ত মাওয়া-কাওড়াকান্দি রুটে ফেরি চলাচল বন্ধ ছিল।
ফেরি চলাচল স্বাভাবিক হওয়ায় বিকেলে মাওয়া ঘাটে যানজট ছিল না বলে তিনি জানান।
এর আগে সকাল ৭টার দিকে তিনি বলেন, " উভয়পাড়ে দেড় শতাধিক গাড়ি আটকা পড়েছে। কুয়াশার অবস্থা আজ খুব খারাপ। নদীতে এক ফুট দূরের বস্তুও দেখা যাচ্ছে না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/১৯৪৭ ঘ.
bdnews24