ঢাকা, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশকারী ভারতের জাহাজ তিনটি এলাকাটি ছেড়ে চলে যেতে অস্বীকৃতি জানিয়েছে। বৃহস্পতিবার ভারতের ওই জাহাজগুলো বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় অবৈধভাবে প্রবেশ করে।
বাংলাদেশ নৌবাহিনী ভারতীয় জাহাজ তিনটির এ অনুপ্রবেশের প্রতিবাদ করে। কিন্তু তা সত্ত্বেও ভারতীয় জাহাজগুলো এলাকাটি ছেড়ে চলে যেতে অস্বীকৃতি জানিয়েছে।
এ বিষয়ে পররাষ্ট্র সচিব মো. তৌহিদ হোসেন শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা নিশ্চিত হয়েছি যে (ভারতের) নৌবাহিনীর দুটি জাহাজসহ খনি অনুসন্ধান জরিপকারী একটি জাহাজ আমাদের জলসীমায় অনুপ্রবেশ করেছে।"
তিনি বলেন, "আমরা ইতিমধ্যেই জাহাজ পাঠিয়ে প্রতিবাদ জানিয়েছি। কিন্তু ভারতীয় জাহাজগুলো এলাকাটি ছেড়ে চলে যেতে অস্বীকৃতি জানিয়েছে।"
ভারতীয় জাহাজগুলো বঙ্গোপসাগরের যে এলাকায় ঢুকেছে সে এলাকাটি বাংলাদেশ ও ভারত উভয়েই নিজেদের বলে দাবি করে আসছে।
জলসীমার বিতর্ক শেষ না হওয়া পর্যন্ত কোনো পক্ষই সেখানে অনুসন্ধান কাজ পরিচালনা করতে পারবে না বলে আন্তর্জাতিক আইনে বলা আছে।
ভারতীয় জাহাজগুলো যাতে সেখান থেকে চলে যায় সে ব্যাপারে কূটনৈতিক পদক্ষেপ নেবে বাংলাদেশ।
পররাষ্ট্র সচিব বলেন, "আমরা আজ (শুক্রবার) বা আগামীকাল (শনিবার) কূটনৈতিক প্রতিবাদ জানাবো।"
পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমেদ চৌধুরী জানিয়েছেন, বাংলাদেশ পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য পরিস্থিতি খতিয়ে দেখছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "আমরা পরিস্থিতি তদন্ত করে দেখছি। তদন্তের ফলাফলের ভিত্তিতে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নেব।"
ভারতীয় হাই কমিশন শুক্রবার বন্ধ থাকায় এ বিষয়ে তাদের বক্তব্য পাওয়া যায়নি।
বৃহস্পতিবার সন্ধ্যার পর খনিজ অনুসন্ধান জরিপ শুরু করতে তিনটি ভারতীয় জাহাজ বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে।
সমুদ্র নিরাপত্তার দায়িত্বে থাকা এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, বৃহস্পতিবার রাতে বাংলাদেশী ফ্রিগেট খালিদ বিন ওয়ালিদ ঘটনাস্থলে পৌঁছে ভারতীয় জাহাজগুলোকে সরে যেতে বলেছে।
তিনি বলেন, সন্ধ্যার পর তিনটি ভারতীয় সার্ভে ভেসেল (জরিপ জাহাজ) মংলা সমুদ্র বন্দরের ফেয়ারওয়ে বয়া থেকে ১৪০ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে অবস্থান নিয়ে সাইসমিক সার্ভে শুরু করে। ভারতীয় জাহাজ সনাক্ত করার পরপরই ফ্র্রিগেট খালিদ বিন ওয়ালিদ সেখানে পৌঁছে জাহাজগুলোকে বাংলাদেশের জলসীমা ত্যাগ করতে বলে।
এছাড়া নৌ বাহিনীর যুদ্ধজাহাজ বিএনএস মেঘলাও চট্টগ্রাম বন্দর থেকে ঘটনাস্থলের দিকে রওনা হয়ে গেছে বলে জানান তিনি।
রাতে বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ডের উচ্চপর্যায়ের কর্মকর্তারা এ ব্যাপারে বৈঠকে বসেন বলেও ওই কর্মকর্তা জানান।
বঙ্গোপসাগরে বিরোধপূর্ণ সমুদ্রসীমায় খনিজ অনুসন্ধানে আরেক প্রতিবেশী দেশ মিয়ানমার জাহাজ পাঠানোর দুই মাসের ও কম সময়ের মধ্যে ভারতীয় জাহাজগুলোর এ অনুপ্রবেশের ঘটনা ঘটল।
গত ২ নভেম্বর মিয়ানমার সেন্ট মার্টিন দ্বীপের প্রায় ৬০ নটিক্যাল মাইল দূরে তাদের ওই জাহাজ পাঠায়। ওই ঘটনায় বাংলাদেশের সঙ্গে মিয়ানমারের উত্তেজনার সৃষ্টি হয়।
বাংলাদেশের কড়া প্রতিবাদের মুখে কয়েকদিন পর জাহাজ সরিয়ে নেয় মিয়ানমার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসটি/এলএইচ/কেআরসি/কেএইচকে/এজে/জিএনএ/১৫৩৪ ঘ.
bdnews24