বাগেরহাট, ডিসেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রশাসনের নিরপেক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম।
তিনি বলেন, "নির্বাচন অনুষ্ঠান শুধু সরকারি দায়িত্বই না, জাতির প্রতি নৈতিক দায়িত্বও বটে। তাই আগামী ২৯ ডিসেম্বর অনুষ্ঠেয় নবম জাতীয় সংসদ নির্বাচনের সময় এবং নির্বাচন পরবর্তী সময়ে প্রশাসনকে নিরপেক্ষতার সঙ্গে কাজ করতে হবে।"
বৃহস্পতিবার বিকালে বাগেরহাটে প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে নির্বাচন ও আইন শৃঙ্খলা বিষয়ক এক সভায় অর্থ উপদেষ্টা এ কথা বলেন।
মির্জা আজিজ বলেন, "গণতন্ত্রের সুষ্ঠু বিকাশের পূর্ব শর্ত হচ্ছে প্রশাসনের নিরপেক্ষতা।"
তিনি রাষ্ট্র ব্যবস্থাকে একটি চলমান প্রক্রিয়া হিসেবে উল্লেখ করে আগামী দিনের রাষ্ট্র পরিচালনাকারী রাজনৈতিক সরকারের সময়েও প্রশাসনকে নিরপেক্ষ থাকার পরামর্শ দেন।
উপদেষ্টা বলেন, "নির্বাচন পরবর্তী সময়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমাদের দেশের রাজনৈতিক ঐতিহ্য পরাজয়কে মেনে না নেওয়া। ফলে রাজনৈতিক দলগুলোর মধ্যে ফাউল প্লে'র প্রবণতা দেখা যায়।"
নির্বাচন পরবর্তী পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইন-শৃঙ্খলা বাহিনীর গোয়েন্দা কর্মকাণ্ড ও তথ্য সংগ্রহ বাড়ানোর ওপর জোর দেন তিনি।
অর্থ উপদেষ্ট বাগেরহাটকে দক্ষিণ অঞ্চলের সম্ভাবনাময় কিন্তু দেশের অবহেলিত এলাকার অংশ হিসাবে বর্ণনা করে বলেন, "বর্তমান তত্ত্বাবধায়ক সরকার আঞ্চলিক বৈষম্যকে উন্নয়ন কর্মকাণ্ডে কোন স্থান দেয়নি। এই সরকারের সময়ে মংলা বন্দরকে কার্যকর করার বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে।"
বাগেরহাট সার্কিট হাউস সভাকক্ষে জেলা প্রশাসক অপরূপ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলার সংক্ষিপ্ত তথ্যচিত্র উপস্থাপন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দেলোয়ার হায়দার।
এছাড়া সভায় বাগেরহাট জেলা ও পুলিশ প্রশাসনসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, সেনাবাহিনী, র্যাব, নৌবাহিনী, কোস্টগার্ড ও আনসার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২০৩ ঘ.
bdnews24