ঢাকা, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচন কমিশনের (ইসি) অনুরোধে ঢাকা মহানগর পুলিশের লালবাগ অঞ্চলের উপ-কমিশনার খন্দকার মহিতউদ্দীন আহমেদকে মঙ্গলবার বদলি করা হয়েছে।
নির্বাচন কমিশন সচিবালয় গত ২১ ডিসেম্বর এক পত্রের মাধ্যমে মহিতউদ্দীনকে 'প্রত্যাহার বা অন্যত্র বদলি' করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ জানায়। কমিশনের সিনিয়র সহকারী সচিব ফরহাদ আহমদ খান ওই চিঠিতে স্বাক্ষর করেন। এরপর মন্ত্রণালয় মঙ্গলবার তাকে বদলির আদেশ দেয়।
মহনগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (জনসংযোগ) মাসুদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নির্বাচন কমিশনের পরামর্শে মহিতউদ্দীনকে বদলি করা হয়েছে। তার জায়গায় ট্রাফিক বিভাগের উপ-কমিশনার আব্দুল মালেককে লালবাগ অঞ্চলের উপ-কমিশনার করা হয়েছে।
অবশ্য মহিতউদ্দীন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে দাবি করেন বলেন, "আমাকে সাধারণভাবেই ট্রাফিক বিভাগে বদলি করা হয়েছে।"
এর আগে নির্বাচন কমিশনের অনুরোধে পাবনা ও সিরাজগঞ্জের রিটার্নিং কর্মকর্তাকে (জেলা প্রশাসক) প্রত্যাহার করে দুটি মন্ত্রণালয়ে বদলি করা হয়।
এদিকে লালবাগের বিসি দাস লেনের একটি দেওয়ালে ওই আসনের চারদলীয় জোট প্রার্থী নাসিরউদ্দীন পিন্টুর রঙিন পোস্টার পেয়ে মঙ্গলবার লালবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করেছে পুলিশ।
লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নবোজ্যোতি খীসা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পুলিশ মঙ্গলবার সকালে ওই পোস্টারের ছবি তুলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছে। বাড়ির মালিককে পোস্টারগুলো তুলে ফেলার অনুরোধ করা হয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জিএমএ/এমএইচসি/জেকে/০১৪৫ ঘ.
bdnews24