২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জলবায়ু পরিবর্তনে ক্ষতিপূরণ চেয়েছে বাংলাদেশ

পোল্যান্ডের পোজনানে জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলনে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবের জন্য ক্ষতিপূরণ চেয়েছে বাংলাদেশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2008, 02:46 PM

Updated : 26 Aug 2022, 02:50 PM

ঢাকা, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পোল্যান্ডের পোজনানে জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলনে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবের জন্য ক্ষতিপূরণ চেয়েছে বাংলাদেশ। মঙ্গলবার তথ্য অধিদপ্তরে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান পরিবেশ ও বন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী রাজা দেবাশীষ রায়। দেবাশীষ রায় জানান, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় জাতিসংঘের অধীনে গঠিত সহায়তা তহবিল থেকে ঋণের পরিবর্তে অনুদান দেওয়ার দাবি জানানোর পাশাপাশি সচেতনতা তৈরিতে প্রতিটি দেশে একজন করে বিশেষ দূত নিয়োগের সিদ্ধান্ত গ্রহণেরও প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। তিনি বলেন, " উন্নত বিশ্বের কার্বন-ডাই-অক্সাইড নির্গমণকারী দেশগুলোকে দায়ী করে তাদের কাছে ক্ষতিপূরণ চাওয়া হয় সম্মেলনে। এজন্য জাতিসংঘের অধীনে গঠিত বিশেষ তহবিল থেকে ক্ষতির দিক বিবেচনা করে ক্ষতিপূরণ অথবা আর্থিক অনুদান দেওয়ারও দাবি জানানো হয়েছে।" জলবায়ু পরিবর্তন রোধে বিশেষ গবেষণা ও অন্যান্য কার্যক্রম পরিচালনার জন্য একটি আন্তর্জাতিক অভিযোজন কেন্দ্র বা 'ইন্টারন্যাশনাল অ্যাডাপটেশন সেন্টার' প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়ার পরামর্শ দেওয়া হয় বলে জানান প্রধান উপদেষ্টার সহকারী। সবচেয়ে বেশি ঝুঁকির মুখে থাকা দেশ হিসেবে এ কেন্দ্রটি বাংলাদেশেই স্থাপনের প্রস্তাব করা হয়। পোজনান সম্মেলনে ২০২০ সালের মধ্যে ক্ষতিকর 'গ্রিন হাউজ' গ্যাস নির্গমন ৪০ শতাংশ এবং ২০৫০ সালের মধ্যে ৮০ শতাংশ কমিয়ে আনার তাগিদ দেওয়া হয়। একইসঙ্গে ভূ-মণ্ডলীয় গড় তাপমাত্রা দুই ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখারও প্রস্তাব করা হয়। গত ১ থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত পোল্যান্ডের পোজনান শহরে জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলন হয়। রাজা দেবাশীষ রায়ের নেতৃত্বে বাংলাদেশের ১৫ সদস্যের একটি দল সম্মেলনে অংশ নেন। সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম রেজাউল কবিরসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/টিএইচ/এসকে/২০৩৬ঘ.