সুনামগঞ্জ, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - "আমাদেরকে যখন যে কাজ করতে দেওয়া হবে তখনই মানুষের জন্য আমরা সে কাজ করব। গত দুবছরে আমরা হাসপাতালের স্বাস্থ্যসেবা ফিরিয়ে আনতে কাজ করেছি, স্কুলগুলোতে পড়ালেখার মান উন্নত করেছি। এতে এলাবাবাসী উপকৃত হয়েছেন।"
সোমবার বিকেলে সুনামগঞ্জ শহরের মল্লিকপুরে সেনাবাহিনী পরিচালিত ভাসমান সবজি বাগান পরিদর্শনকালে সেনাপ্রধান জেনারেল মইন উ আহমেদ এ কথা বলেন।
তিনি বলেন, সিলেট অঞ্চলে প্রচুর জমি পতিত থাকে। এ পতিত জমিগুলো চাষাবাদের আওতায় আনতে হবে। যে জমিতে এক ফসল হয় সে জমিকে দুই ফসলী, তিন ফসলি করে গড়ে তুলতে হবে।
জেনারেল মইন বলেন, "সরকারের কাজ হল ফসল উৎপাদনের জন্য কৃষককে সঠিক সময় সার, বীজ ও পানি সরবরাহ করা। সবাই মিলে কাজ করলে খাদ্যে স্বয়ং সম্পূর্ণতার পাশাপাশি রপ্তানিও করা যাবে। এজন্য সবাইকে এক সঙ্গে কাজ করতে হবে।"
সেনাপ্রধান বলেন, "আমাদের খাদ্যাভাসে পরিবর্তন আনতে হবে। আর এর বিকল্প হিসেবে বিভিন্ন প্রজাতির ফসল উৎপাদন বাড়াতে হবে।"
তিনি বলেন, "আমাদেরকে বলা হয় নদী মাতৃক দেশ। কিন্তু এই নদীর সম্ভাবনাকে আমরা কাজে লাগাই না। নদীকে ব্যবহার করতে হবে। নদীতে মাছ চাষ করতে হবে। আমাদের খাদ্য আমাদেরই উৎপাদন করতে হবে। এতে খাদ্যদ্রব্যের দামও নিয়ন্ত্রণে রাখা যাবে এবং কৃষকও সঠিক দাম পাবে।"
এ সময় উপস্থিত ছিলেন, ব্রিগেডিয়ার হুমায়ুন বখত মুহিত, ব্রিগেডিয়ার মোরশেদ, সুনামগঞ্জের জেলা প্রশাসক ফরিদ আহমদ ভূঁইয়া প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২০৬ ঘ.
bdnews24