২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মনোনয়ন জটিলতায় ৫০ আসনে ব্যালট ছাপা শুরু হয়নি

মনোনয়ন নিয়ে জটিলতায় কমপক্ষে ৫০টি আসনের ব্যালট পেপার ছাপার কাজ এখনও শুরু করেনি নির্বাচন কমিশন (ইসি)। শনিবার এ তথ্য জানিয়েছেন ইসি সচিবালয়ের যুগ্ম সচিব রফিকুল ইসলাম। তিনি সাংবাদিকদের বলেন, "ঝামেলাপূর্ণ আসনগুলোর ব্যালট পেপার আমরা এখনও ছাপিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2008, 12:09 PM

Updated : 26 Aug 2022, 02:49 PM

ঢাকা, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মনোনয়ন নিয়ে জটিলতায় কমপক্ষে ৫০টি আসনের ব্যালট পেপার ছাপার কাজ এখনও শুরু করেনি নির্বাচন কমিশন (ইসি)। শনিবার এ তথ্য জানিয়েছেন ইসি সচিবালয়ের যুগ্ম সচিব রফিকুল ইসলাম। তিনি সাংবাদিকদের বলেন, "ঝামেলাপূর্ণ আসনগুলোর ব্যালট পেপার আমরা এখনও ছাপিনি। এর মধ্যে বরিশাল-১ আসনে ব্যালট পেপার ছাপানো হয়েছিল। কিন্তু এখন তা পুড়িয়ে ফেলতে হবে।" নির্বাচন কমিশন প্রার্থিতা বাতিল করেছিল, এমন বেশ কয়েকজনের প্রার্থিতা ফিরিয়ে দিতে গত কয়েকদিনে উচ্চ আদালত আদেশ দেয়। ফলে ওই সব আসনে তাদের প্রার্থী রেখেই ব্যালট পেপার ছাপাতে হচ্ছে। পাশাপাশি ওই সব আসনে বড় দুই জোটের প্রার্থী কে হবেন- তা নিয়েও জটিলতা দেখা দিয়েছে। আগামী ২৯ ডিসেম্বর নবম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। রফিকুল ইসলাম জানান, শনিবার পর্যন্ত প্রায় আড়াইশ আসনের ব্যালট পেপার মুদ্রণের কার্যাদেশ দেওয়া হয়েছে। বাতিল হওয়ারা আদালতের আদেশে প্রার্থিতা ফিরে পাওয়ায় ছাপিয়ে ফেলা ২৫ থেকে ৩০ লাখ ব্যালট পেপার ইতিমধ্যে পুড়িয়ে দেওয়া হয়েছে বলে সংবাদ মাধ্যমে যে খবর প্রকাশ হয়েছে, তা অস্বীকার করেন ইসির যুগ্ম সচিব। তিনি বলেন, "২৫ থেকে ৩০ লাখ ব্যালট পেপার পোড়ানোর যে খবর প্রচার হয়েছে, তা ঠিক নয়।" যেসব ব্যালট পেপার অপ্রয়োজনীয় হয়ে পড়বে, তা নির্বাচনের আগের দিন নষ্ট করা হবে বলে জানান তিনি। রফিকুল ইসলাম বলেন, "আদালত যাদের প্রার্থিতা বৈধ করার নির্দেশ দিয়েছে, তাতে ২৬ ডিসেম্বর পর্যন্ত ব্যালট পেপার ছাপাতে কোনও সমস্যা হবে না। নির্বাচনের আগের দিনও যদি কোনও এলাকার ব্যালট পেপার মুদ্রিত হয়ে থাকে এবং নতুন করে কাউকে অন্তর্ভুক্ত করতে হয়, তখন আগের ব্যালট পেপার পুড়িয়ে ফেলতে হবে।" আদালতের আদেশ অমান্যের কোনও সুযোগ নেই এ মত দিয়ে ইসির যুগ্ম সচিব বলেন, "প্রতি আসনের ব্যালট পেপার মুদ্রণে গড়ে সর্বোচ্চ দেড় ঘণ্টা সময় লাগে। সুতরাং আরও কেউ যদি আদালয়ের রায় নিয়ে আসেন, তাতে মুদ্রণ কাজে কোনও সমস্যা হবে বলে এ মুহূর্তে মনে হচ্ছে না।" রফিকুল ইসলাম জানান, কোনও প্রার্থী আদালতের আদেশ নিয়ে এলে সংশ্লিষ্ট আসনের ব্যালট পেপার মুদ্রণের কাজ তখনই স্থগিত করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমএ/এমআই/এসকে/১৮০২ঘ.