ঢাকা, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিশরের আলেকজান্দ্রিয়ার কাছে ভূমধ্যসাগরের তলদেশে আবারও কাটা পড়েছে সাবমেরিন কেবল 'এসইএ-এমই-ডব্লিওই-৪'।
বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেডের (বিএসসিসিএল) ব্যবস্থাপনা পরিচালক মনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার দুপুর ১টা ৪০ এ (বাংলাদেশ সময়) আলেকজান্দ্রিয়া থেকে প্রায় ১৬০০ কিলোমিটার দূরে এ কেবল কাটা পড়ে। এ কারণে ইউরোপের সঙ্গে ইন্টারনেটে তথ্যপ্রবাহের গতি কমে এসেছে।
সাবমেরিন কেবল কাটা পড়লেও সিঙ্গাপুরের মাধ্যমে ৬টি এসটিএম-১ (সিংক্রোনাস ট্রান্সপোর্ট মডিউল) দিয়ে ইন্টারনেট সংযোগ চালু রাখা হয়েছে বলে জানান তিনি।
মনোয়ার হোসেন বলেন, "কেবল মেরামতের জন্য একটি জাহাজ ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে বলে আমরা জানতে পেরেছি।"
বিএসসিসিএল জানিয়েছে, সাবমেরিন কেবল কাটা পড়ায় ৪টি এসটিএম পুরোপুরি বন্ধ রয়েছে। এ কারণে ইউরোপ-আমেরিকার সঙ্গে ইন্টারনেট যোগাযোগের গতি কমে এসেছে। তবে মধপ্রাচ্যসহ পূর্ব দিকের দেশগুলোর সঙ্গে যোগাযোগ স্বাভাবিক আছে।
চলতি বছর এ নিয়ে দু'বার আলেকজান্দ্রিয়ার কাছে সাবমেরিন কেবল কাটা পড়লো। সর্বশেষ গত ২৭ সেপ্টেম্বর ভূমধ্যসাগরে সাবমেরিন কেবল কাটা পড়ে।
এছাড়া এ বছরের ৩০ জানুয়ারি আলেকজান্দ্রিয়া থেকে ১২ কিলোমিটার দূরে ফ্রান্সের মার্সেইয়ের দিকে ভূ মধ্যসাগরে সাবমেরিন কেবল কাটা পড়ে।
সাবমেরিন কেবল কনসোর্টিয়াম এসই-এমই-ডব্লিওই-৪ এর একটি ল্যান্ডিং স্টেশন মিশর এর আলেকজান্দ্রিয়ায় অবস্থিত। বাংলাদেশ ২০০৪ সালে এই কনসোর্টিয়ামে যুক্ত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/জেকে/১৮৫৫ ঘ.
bdnews24