ঢাকা, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বৈধ পথে বছরে অন্তত পাঁচ হাজার ডলার দেশে পাঠান- এমন প্রবাসীদের ক্ষেত্রে সরকারি প্লট বরাদ্দে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমদ চৌধুরী।
এই প্রবাসীদের বিমানবন্দর এবং হাসপাতাল, সরকারি স্কুল- কলেজে বিশেষ সুবিধা দেওয়া হবে বলেও জানান তিনি।
বৃহস্পতিবার শিশু একাডেমী মিলনায়তনে 'আন্তর্জাতিক অভিবাসী শ্রমিক দিবস' উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে উপদেষ্টা বলেন, "যেসব প্রবাসী বছরে অন্তত পাঁচ হাজার ডলার দেশে পাঠাবেন তাদের একটি কার্ড দেওয়া হবে। এ কার্ড দেখালে বিমানবন্দরে তারা বিশেষ সুবিধা পাবেন।"
তিনি আরও বলেন, "সরকারি প্লট বরাদ্দে, হাসপাতলে চিকিৎসা পেতে এবং স্কুল কলেজে ভর্তির ক্ষেত্রেও এই কার্ডধারীদের অগ্রাধীকার দেওয়া হবে।"
অভিবাসী শ্রমিকদের প্রশংসা করে ইফতেখার আহমদ বলেন, "তারা অব্যাহতভাবে রেমিট্যান্স পাঠানোয় বাংলাদেশকে এখনও চলমান বৈশ্বিক মন্দার আঁচ অনুভব করতে হয়নি।"
তিনি জানান, চলতি বছর নভেম্বর পর্যন্ত সময়ে প্রবাসীরা ৮২০ কোটি ডলার দেশে পাঠিয়েছেন। গতবছর এই সময়ে রেমিট্যান্স এসেছিল ৬৫৬ কোটি ডলার।"
অনুষ্ঠানে জানানো হয়, বর্তমানে ৬২ লাখেরও বেশি বাংলাদেশি বিশ্বের বিভিন্ন দেশে কাজ করছেন। এর মধ্যে চলতি বছর (১৫ ডিসেম্বর পর্যন্ত) কাজ নিয়ে বিদেশে গেছেন আট লাখ ৩২ হাজার জন।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থার হিসেব অনুযায়ী, বিশ্বের বিভিন্ন দেশে বর্তমানে ১৯ কোটি ১০ লাখ অভিবাসী শ্রমিক রয়েছেন।
অন্যদের মধ্যে বেসরকারি সংস্থা রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিট এর অধ্যাপক তাসনীম সিদ্দিকী অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
এদিকে অভিবাসী শ্রমিক এবং প্রবাসীদের সহায়তা করতে বৃহস্পতিবার থেকে 'প্রবাসী কল্যাণ ডেস্ক' চালু করছে বিমানবন্দর কর্তৃপক্ষ। উপদেষ্টা ইফতেখার আহমদ চৌধুরীর এ ডেস্কে উদ্বোধন করার কথা।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো এ ডেস্কের দেখভাল করবে।
অভিবাসী শ্রমিক এবং তাদের পরিবারের সদস্যদের অধিকার সংরক্ষণের জন্য ১৯৯০ সালের ১৮ ডিসেম্বর একটি আন্তর্জাতিক সনদ প্রণিত হয়। জাতিসংঘ ২০০০ সালে আন্তর্জাতিক অভিবাসী শ্রমিক দিবস হিসেবে ৪ ডিসেম্বরকে স্বীকৃতি দেয়।
তবে ফিলিপাইনসহ এশিয়ার কিছু দেশ ১৯৯৭ সাল থেকেই এ দিনটি পালন করে আসছে। আর বাংলাদেশে দিবসটি পালিত হচ্ছে ১৯৯৮ সাল থেকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এফএফ/জেকে/১৯৪৫ ঘ.
bdnews24