ঢাকা, ডিসেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বুধবার থেকে জরুরি অবস্থা থাকছে না। মঙ্গলবার রাষ্ট্রপতির কার্যালয় এ সংক্রান্ত একটি আদেশ গেজেট আকারে প্রকাশ করে।
এতে বলা হয়, সংবিধানের ১৪১ক (১) অনুচ্ছেদের ক্ষমতাবলে জরুরি অবস্থা প্রত্যাহার করে নেওয়ার প্রয়োজনীয়তা বিবেচনা করে রাষ্ট্রপতি জরুরি অবস্থা প্রত্যাহারে সম্মতি দিয়েছেন।
এর আগে গত ১৪ ডিসেম্বর উপদেষ্টা পরিষদের বৈঠকে 'জরুরি ক্ষমতা রহিতকরণ অধ্যাদেশ ২০০৮' এবং জরুরি অবস্থা প্রত্যাহার সংক্রান্ত প্রস্তাব অনুমোদন করা হয়।
ফখরুদ্দীন আহমদের নেতৃত্বাধীন বর্তমান তত্ত্বাবধায়ক সরকার গঠনের সময় ২০০৭ সালের ১১ জানুয়ারি দেশে জরুরি অবস্থা জারি হয়।
এরপর ধাপে ধাপে জরুরি ক্ষমতা অধ্যাদেশের কয়েকটি ধারা তুলে নেওয়ার পর গত ১০ ডিসেম্বর সরকার ১৭ ডিসেম্বর থেকে জরুরি অবস্থা পুরোপুরি প্রত্যাহার করার ঘোষণা দেয়। এ ছাড়া নির্বাচন সামনে রেখে ১২ ডিসেম্বর থেকেই সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএল/এসকে/২০০৮ঘ.
bdnews24