খাগড়াছড়ি, ডিসেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার সড়ক ও জনপথ বিভাগের আবাসিক কলোনীতে সোমবার গভীর রাতে আগুনে পুড়ে মারা গেছে দুটি পরিবারের ছয়জন।
নিহতরা হল- কলোনীর বাসিন্দা জয়নাল আবেদীনের মেয়ে নবম শ্রেণীর ছাত্রী খাদিজা আক্তার সোনিয়া (১৬), অষ্টম শ্রেণীর ছাত্রী ছকিনা আক্তার তানিয়া (১৪) ও তৃতীয় শ্রেণীর ছাত্রী জান্নাতুল ফেরদৌস তুলি (৭)। অপর বাসিন্দা সোলায়মানের ছেলে চতুর্থ শ্রেণীর ছাত্র সাইদুল ইসলাম (১২), তৃতীয় শ্রেণীর ছাত্রী সালমা আক্তার (১০) ও মা হারিছা খাতুন (১০৬)।
জয়নাল ও সোলায়মান দুই ভাই। তারা সওজ'র কর্মচারী।
মঙ্গলবার সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় তিন মেয়েকে হারিয়ে বাবা জয়নাল পাগল প্রায়। আহাজারিতে ভারী হয়ে আছে সমস্ত কলোনীর পরিবেশ।
জয়নাল বিলাপ করতে করতে সাংবাদিকদের জানান, গভীর রাতে যখন আগুন লাগে তখন তারা ঘুমিয়ে ছিলেন। অন্য কক্ষে তাদের দুই পরিবারের পাঁচ ছেলে- মেয়ে ও মা হারিছা খাতুনের সঙ্গে ঘুমাচ্ছিল। তারা সবাই আগুনে পুড়ে ঘটনাস্থলেই মারা গেছে।
তিনি জানান, ওই কক্ষে আগুন লাগার পাশাপাশি পাশের খড়ের স্তুপেও আগুন ধরে যায়। আশপাশের লোকজন আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়। আগুনে আরও দুটি পরিবারও ক্ষতিগ্রস্ত হয়েছে।
সওজ'র নৈশ প্রহরী সোলায়মান জানান, তার স্ত্রী ডেকে তোলার পর তিনি দেখেন তার ছেলে- মেয়ে যে কক্ষে ঘুমিয়েছে সে কক্ষে আগুন জ্বলছে। রাত তখন ১১টার মত হবে।
তিনি বিলাপ করতে করতে বলেন, ছেলে সাইদুল তার চোখের সামনে পুড়ে মারা গেল।
খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের কর্মী রকি চাকমা জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। তবে তার আগেই আগুন নেভে যায়।
তিনি জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়ে থাকতে পারে। ভবনের বাসিন্দারা তাদের জানিয়েছেন দীর্ঘদিন ধরে বৈদ্যতিক লাইনটি ত্র"টিপূর্ণ ছিল।
খাগড়াছড়ি পুলিশ কন্ট্রোল রুমে কর্তব্যরত কর্মকর্তারা জানান, দিঘীনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফোনে তাদের আগুন লাগার খবর দিলে তারা বিষয়টি ফায়ার সার্ভিসকে জানান।
মর্মান্তিক এ ঘটনার খবর পেয়ে মঙ্গলবার সকালে দিঘীনালার সওজ কলোনীতে যান খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রুইথি কারবারী, জেলা প্রশাসক এ কে এম খায়রুল আলম, সেনাবাহিনীর দীঘিনালা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল শামসুল হক শামস, জেলা পরিষদ সদস্য সদস্য সানুমং মারমা, সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী যতীন্দ্র লাল ত্রিপুরা, চারদলের প্রাথী সমীরণ দেওয়ান, স্বতন্ত্র প্রার্থী জাহেদুল আলম, দিঘীনালা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরুজ্জামান মিয়া প্রমুখ।
জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রুইথি কারবারী সাংবাদিকদের জানান, পরিষদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত চারটি পরিববারকে ১০ হাজার টাকা করে দেওয়া হবে।
দিঘীনালা থানার ওসি সুভাষ চন্দ্র পাল জানান, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। নিহতদের দাফন সম্পন্ন হয়েছে বলেও তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯২২ ঘ.
bdnews24