ঢাকা, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- জাতীয় পার্টি ও জামায়াতে ইসলামীর নির্বাচনী ইশতেহারে ধর্মের কথিত অবমাননার জন্য ব্লাসফেমি আইন প্রণয়নের কথা বলা হলেও তাদের জোটের নেতৃত্বে থাকা বিএনপি ও আওয়ামী লীগ উভয়েই তা বাস্তবায়ন না করার ইঙ্গিত দিয়েছে।
বিতর্কিত এ আইনটি দুটি জাতীয়ভিত্তিক দলের ইশতেহারে উঠে আসায় প্রগতিশীলসহ বিভিন্ন মহলে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
এ প্রসঙ্গে বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন রোববার রাতে টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, " ব্লাসফেমি আইন প্রণয়নের বিষয়টি আমাদের ইশতেহারে নেই, তা আপনারা নিশ্চয়ই দেখেছেন। এর আগেও কোন নির্বাচনে আমাদের ইশতেহারে এ বিষয়টি ছিল না।"
এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া উচিৎ নয় বলে মন্তব্য করেও তিনি আবার বলেন, "এটি একটি নীতিনির্ধারণী বিষয়। মহাসচিবকে জিজ্ঞাস করলে ভাল হয়।"
অন্যদিকে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মতিয়া চৌধুরী শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, " মহাজোটের একেক দল তাদের মতো নির্বাচনী ইশতেহার দিয়েছে। যে দল ইশতেহার দিয়েছে সেটি সেই দলের নীতি আদর্শের ব্যাপার। ক্ষমতায় গেলে যে সবকিছু বাস্তবায়ন করতে হবে এমন নয়।"
প্রতিবেশী ভারতের উদাহরণ দিয়ে মতিয়া চৌধুরী বলেন, "আপনারা দেখেছেন ভারতে জয়ললিতা আর সিপিএম এর মধ্যে ঐক্য হয়েছে। তাই বলে তো জয়ললিতার সব কথা সিপিএম মেনে নেয়নি।"
বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোটের অন্যতম শরীক জামায়াতে ইসলামীর ইশতেহারে ব্লাসফেমি আইন প্রণয়ন প্রসঙ্গে বলা হয়, 'বই-পত্র, পত্র-পত্রিকা, ইলেক্ট্রনিক মিডিয়াতে ধর্মবিরোধী প্রচারণা ও কটুক্তিকারীদের প্রতিরোধ ও শাস্তি বিধানের জন্য ব্লাসফেমি ধরণের আইন প্রণয়ন করা হবে।'
আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের অন্যতম অংশীদার জাতীয় পার্টির নির্বাচনী ইশতেহারে বলা হয়েছে, "ক্ষমতায় গেলে আল্লাহ, রাসুল ও শরিয়তের বিরুদ্ধে কটুক্তিকারীদের শাস্তির বিধান সম্বলিত আইন করবে জাতীয় পার্টি।"
উপমহাদেশে পাকিস্তানে ব্লাসফেমি আইন রয়েছে যা সেদেশে একটি বিতর্কিত ইসু। সেদেশের খ্রিস্টানসহ সংখ্যালঘুদের অভিযোগ তাদের ওপর হামলা চালানোর জন্য জঙ্গিবাদিরা এ আইনকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইএইচবি-এডি/এসকে/২৩০৬ঘ.
bdnews24