চট্টগ্রাম, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আসন্ন নির্বাচনে চট্টগ্রামের কয়েকটি আসনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে স্থানীয় নেতা কর্মীদের মধ্যে ক্ষোভ থাকলেও দলের স্বার্থে একত্রে কাজ করার ঘোষণা দিয়েছেন সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী।
কারামুক্তির পর রোববার সকালে আবার মেয়রের দায়িত্ব বুঝে নিয়ে নগর ভবনে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
গত বছরের ৭ মার্চ যৌথ বাহিনীর হাতে আটক ও কারাবন্দী থাকার দীর্ঘ ২১ মাস পর মহিউদ্দিন চৌধুরী স্বপদে ফিরলেন। গত ৮ অক্টোবর তিনি জামিনে মুক্তি পেলেও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আদেশের কারণে এতদিন দায়িত্ব নিতে পারেন নি। পরে হাইকোর্টের নির্দেশে তিনি রোববার সকাল থেকে অফিস শুরু করেন।
সকাল ১১ টায় নগর ভবনে পৌঁছালে কর্পোরেশনের নেতা কর্মীরা মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করেন। তিনি ওয়ার্ড কমিশনারসহ সকল কর্মকর্তা কর্মচারীর সঙ্গে কুশল বিনিময় করেন এবং প্রাত্যহিক কাজ শুরু করেন। তিনি শিক্ষা সংক্রান্ত একটি কমিটির সভায় সভাপতিত্ব করেন এবং বেশ কিছু দাপ্তরিক কাগজপত্রে সাক্ষর করেন।
মেয়র মহিউদ্দিন পরে তার কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, কেন্দ্র থেকে চট্টগ্রামে মহাজোট ও আওয়ামী লীগের যেসব প্রার্থীকে মনোনয়ন দেয়া হয়েছে তা তার মনপুত না হলেও দলের স্বার্থে তিনি কাজ করবেন।
তিনি বলেন, "নেত্রী (শেখ হাসিনা) আমাদের চেয়ে ভালো বুঝেই এসব সিদ্ধান্ত নিয়েছেন। তাই দলীয় প্রার্থীদের জয়ী করে আনতে নৌকার জোয়ার সৃষ্টি করা হবে। ব্যক্তি দেখে নয়- প্রতীক নৌকায় ভোট দিতে সবাইকে এক কাতারে নিয়ে আসা হবে।"
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, চট্টগ্রামে বিএনপির ভালো অবস্থানে এবার আঘাত হানতে প্রস্তুত আওয়ামী লীগ।
মহিউদ্দিন বলেন, গত ২১ মাসে নগরীর উন্নয়ন থমকে ছিল। অনেক অসমাপ্ত কাজ চক্রান্ত করে ফেলে রাখা হয়েছিল। জবাবদিহিতা না থাকায় সেবা থেকে বঞ্চিত হয়েছে নগরবাসী।
তিনি নগরীর 'হৃত গৌরব' ফিরিয়ে আনার অঙ্গীকার ব্যক্ত করেন।
তার অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্বপালনকারী ওয়ার্ড কমিশনার এম মনজুর আলম অহংকারী হয়ে পড়েছিলেন বলে তিনি মন্তব্য করেন।
একটি স্বার্থান্বেষী মহল ভারপ্রাপ্ত মেয়রকে তার ও কর্পোরেশনের বিরুদ্ধে কাজ করতে প্ররোচিত করেছে বলে তিনি অভিযোগ করেন।
মেয়র হজ পালন শেষে শনিবার বিকেলে চট্টগ্রাম ফেরেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/জিএনএ/১৫৪২ ঘ.
bdnews24