ঢাকা, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- প্রবাসীদের ভোটার করার উদ্যোগ নেবে বিএনপি। তারা আবার ক্ষমতায় গেলে জাতীয় উন্নয়নে প্রবাসীদের মতামত ও পরামর্শ নেবে।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপির ইশতেহারের এসব কথা বলা হয়েছে।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া শনিবার রাজধানীর শেরাটন হোটেলে এ ইশতেহার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।
প্রবাসী বাংলাদেশীদের ভোটার করার ব্যবস্থা নিয়ে দেশ পরিচালনায় তাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা হবে বলে সাবেক এ প্রধানমন্ত্রী প্রতিশ্র"তি দেন।
তিনি বলেন, "জাতীয় উন্নয়নের প্রয়াসে প্রবাসী বাংলাদেশীদের মতামত ও পরামর্শ গ্রহণ করা হবে।"
দেশের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসী শ্রমিকদের অবদানের স্বীকৃতি হিসাবে বিগত বিএনপি সরকারের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় গঠন করার কথা উল্লেখ করে খালেদা বলেন, আগামীতে এ মন্ত্রণালয়কে আরও কার্যকর করা হবে।
"বাংলাদেশী নাগরিকগণ যাতে কর্মসংস্থানের জন্য বিদেশে যাওয়ার আগে, বিদেশে অবস্থানকালে, ফেরার সময় বিমান বন্দরে এবং দেশে ফিরে তাদের সঞ্চয় ও অভিজ্ঞতা কাজে লাগানোর ক্ষেত্রে কোনভাবেই প্রতারিত, নির্যাতিত কিম্বা হয়রানির শিকার না হন তার ব্যবস্থা নেয়া হবে।"
খালেদা জানান, সরকারী জমি, প্লট, দোকান ইত্যাদি বরাদ্দে প্রবাসী বাংলাদেশীদের জন্য এবং দেশের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে প্রবাসীদের সন্তানদের জন্য নির্দিষ্ট কোটা বরাদ্দের ব্যবস্থা নেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এসকে/১৯৫৬ঘ.
bdnews24