চাঁদপুর, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চাঁদপুরে মেঘনা নদীতে ডুবে শনিবার দুপুরে নাজমুল আহসান মিতু (২৪) নামের এক বিশ্ববিদ্যালয় ছাত্র মারা গেছেন।
মিতু বেসরকারি বিশ্ববিদ্যালয় ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি'র ব্যবসা প্রশাসন-বিবিএ শেষ বর্ষের ছাত্র ছিলেন। তিন ভাই ও দ্ইু বোনের মধ্যে মিতু সবার বড়। তার বাবা আবুল হোসেন মুন্সী ঢাকায় চাকরি করেন। তারা ঢাকার যাত্রাবাড়ীর কাজলা এলাকার কুতুবখালিতে থাকেন।
মিতুর ছোট ভাই খোরশেদুল আহসান বিডিনিউজ টোয়েন্টিফর ডটকমকে জানান, ঈদের ছুটিতে গত বৃহস্পতিবার পরিবারের সঙ্গে মিতু চাঁদপুরের হাইমচর উপজেলার আলগী উত্তর ইউনিয়নের লামচরীতে চাচার বাড়িতে বেড়াতে আসেন। রোববার মিতুদের ঢাকায় ফেরার কথা ছিল।
শনিবার সকালে তারা দু'ভাই এবং খালাত ভাই শিবলু একটি নৌকাযোগে মেঘনার একটি চরে ঘুরতে যায়। সেখানে তারা গোসল করতে নামলে প্রচণ্ড স্রোতে মিতু নিখোঁজ হয়। তাদের চিৎকারে লোকজন ছুটে এসে মিতুকে উদ্ধার করে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানান- মিতু মারা গেছে।
স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মানিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হাসপাতালে আনার আগেই মিতুর মুত্য হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/১৮০৬ ঘ.
bdnews24