ঢাকা, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুফি সাধক হযরত শাহজালাল (রা.), শাহপরান (রা.) ও শাহ বোরহানউদ্দিনের (রা.) মাজার জিয়ারত করে শুক্রবার সিলেট থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।
প্রচারণার প্রথম দিনে সিলেটে ৮টি জনসভায় বক্তব্য দেবেন খালেদা জিয়া।
বিএনপি চেয়াপার্সনের তথ্য সেলের প্রধান মারুফ কামাল খান বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,'' ম্যাডাম খালেদা জিয়া শুক্রবার সিলেট যাবেন হযরত শাহ জালাল, শাহ পরান ও শাহ বোরহানউদ্দিনের মাজার জিয়ারত করতে। জিয়ারতের পর সিলেট থেকে তিনি নির্বাচনী প্রচারণাও শুরু করবেন।''
তিনি আরও জানান, পরদিন ১৩ ডিসেম্বর রাজধানীর হোটেল শেরাটনে দলের নির্বাচনী ইশতেহারও ঘোষণা করবেন খালেদা জিয়া।
প্রধান দুই দলের নেত্রী দুই সাবেক প্রধানমন্ত্রীই সিলেটে সুফিদের মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করার পরিকল্পনা কয়েকদিন আগেই ঘোষণা করেন।
মাজার জিয়ারতের পর খালেদা জিয়া প্রথম নির্বাচনী জনসভা করবেন দক্ষিণ সুরমা কলেজ মাঠে। এরপর ওসমানী নগরের দয়ামীর মাঠ, নবীগঞ্জের আউশকান্দি হাই স্কুল মাঠ, বাহুবলের মীরপুর আলী সোবহান কলেজ মাঠ, হবিগঞ্জ পৌরসভা মাঠ, বানিয়াচংয়ের এল আর হাই স্কুল মাঠ, মাধবপুর পাইলট হাই স্কুল মাঠ এবং ব্রাহ্মণবাড়িয়া কলেজ মাঠে দলীয় প্রার্থীদের আয়োজিত জনসভায় তার বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
বরাবরই সংসদ নির্বাচনের আগে সিলেটের মাজার জিয়ারত করেই নির্বাচনী প্রচারণা শুরু করেছেন খালেদা জিয়া।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/২১৫০ঘ.
bdnews24