২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সড়ক ও রেলপথ বিভাগের দুর্নীতিবিরোধী উদ্যোগ

সড়ক ও রেলপথ বিভাগের বিভিন্ন সংস্থায় একটি করে দুর্নীতি চিহ্নিত ও তা প্রতিরোধে ব্যবস্থা নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে আরো দুর্নীতি চিহ্নিত করে অনুরূপ ব্যবস্থা নেওয়া হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2008, 03:21 PM

Updated : 26 Aug 2022, 02:46 PM

ঢাকা, ১১ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--সড়ক ও রেলপথ বিভাগের বিভিন্ন সংস্থায় একটি করে দুর্নীতি চিহ্নিত ও তা প্রতিরোধে ব্যবস্থা নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে আরো দুর্নীতি চিহ্নিত করে অনুরূপ ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া অবসরপ্রাপ্ত চাকরিজীবীদের পেনশনের টাকার হিসাব ৯ দিনের মধ্যে শেষ করা হবে। সড়ক ও রেলপথ বিভাগের সচিব ইকবাল মাহমুদ বৃহষ্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলন করে দুর্নীতি রোধে নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা জানাতে গিয়ে এসব বলেন। অন্য মন্ত্রণালয়ের মতো যোগাযোগ মন্ত্রণালয়েও পেনশন অন্যতম একটি দুর্নীতির ক্ষেত্র বলে মন্তব্য করেন সচিব। চাকরি শেষে সাবেক কর্মচারীদের 'নানা সমস্যার সম্মুখীন হওয়ার' কথা উল্লেখ করে তিনি বলেন, এখন থেকে ৯ দিনের মধ্যে পেনশন সমস্যার সমাধান করার নিয়ম করা হয়েছে। সচিব বলেন, যে পরিমাণ উপকরণ দেওয়ার কথা তা দেওয়া হয়না বলে সড়ক ও জনপথ বিভাগের নতুন রাস্তা দ্রুত নষ্ট হয়ে যায়। এছাড়া প্রকৌশলীরাও পরিদর্শন করেন না। এ সমস্যার সমাধানে প্রকৌশলীদের জন্য নির্দিষ্ট কর্মসূচী ঠিক করে দেওয়া হয়েছে। এখন থেকে সড়ক ও জনপথের প্রধান প্রকৌশলী ৫টি, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ৭টি এবং নির্বাহী প্রকৌশলী প্রতিনিয়ত বিভিন্ন রাস্তা পরিদর্শন করবেন জানিয়ে সচিব বলেন, পরিদর্শন শেষে তারা নিয়মিত মন্ত্রণালয়ে প্রতিবেদন দাখিল করবেন। আগে পরিদর্শনের এমন কোন ব্যবস্থা ছিল না। 'অতিরিক্ত দায়িত্বের চাপকে' রেলওয়েতে দুর্নীতির অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করে সচিব ইকবাল মাহমুদ বলেন, বর্তমানে রেলওয়েতে ২৭টি প্রকল্প আছে। প্রতিটির জন্য একজন করে কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। সড়ক পরিবহন নিয়ন্ত্রক সংস্থা বিআরটিএ প্রসঙ্গে সচিব বলেন, সেখানে সব চেয়ে বেশি দুর্নীতি হয় গাড়ি নিবন্ধনের ক্ষেত্রে। কর্মকর্তাদের যোগসাজশে নিবন্ধনের অর্থ ঠিকমতো জমা হয় না। এটি বন্ধ করার জন্য পোস্ট অফিসের হিসাবসহ বিষয়টি তদারকির ব্যবস্থা করা হয়েছে বলে জানান তিনি। সচিব জানান, বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের কাছে ভাড়া দেওয়া বিআরটিসির বাসে প্রতিদিন পনেরোশ' থেকে দুই হাজার টাকা লাভ হওয়ার কথা থাকলেও প্রতিদিন উল্টো লোকসান হচ্ছে পাঁচশ টাকা। কারণ, ঐ সব প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারিদের নির্দিষ্ট স্থানে নামিয়ে দিয়ে সরকারি তেল খরচ করে সাধারণ যাত্রী পরিবহন করা হয়। এ কাজটি বন্ধ করার জন্য প্রতিটি বাসে মাইল মিটার ঠিক করা হয়েছে এবং পরিদর্শন দল গঠন করা হয়েছে। সচিব আরো বলেন, বিআরটিএ-র জন্য গ্রাহকদের অভিযোগের জবাব দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। ৭ দিনের মধ্যে সমস্যার সমাধান করতে হবে। সমাধান না করতে পারলে তা অভিযোগকারীকে জানাতে হবে। এসব ব্যবস্থা নেওয়ার পর দুর্নীতি বন্ধ হবে কিনা জানতে চাইলে সচিব বলেন, "দুর্নীতি যেখানে রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে সেখানে তা মুক্ত হতে কিছু সময়তো লাগবেই। পর্যায়ক্রমে অন্য দুর্নীতিও চিহ্নিত করে তা বন্ধের কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।" ১৩ই নভেম্বর দুর্নীতি দমন কমিশন প্রাতিষ্ঠানিক দুর্নীতি দমনের জন্য সড়ক ও রেলপথ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। সেখানে সড়ক ও রেলপথ বিভাগের সচিব বলেছিলেন, তার মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরের একটি করে দুর্নীতি চিহ্নিত করা হবে এবং তা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। এরই ধারাবাহিকতায় বিআরটিএ, সড়ক ও জনপথ,রেলওয়ে ও বিআরটিসিতে দুর্নীতি চিহ্নিত করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এডি/ইএইচবি/এসকে/২১১৫ঘ.