ঢাকা, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নবম জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে বাড়িয়ে রাত ১০টা পর্যন্ত নির্ধারণ করেছে নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশনের জনসংযোগ কর্মকর্তা এস এম আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রার্থী ও জোটগুলোর সুবিধার কথা বিবেচনা করে কমিশন সময় বাড়ানোর এই সিদ্ধান্ত নিয়েছে।"
তিনি জানান, মনোনয়নপত্র বাতিল হওয়ার পর শুনানির মাধ্যমে যাদের মনোনয়ন আবার বৈধ ঘোষণা করা হয়েছে তাদের সুবিধার দিকটিও কমিশন মাথায় রেখেছে। তাদের কাগজপত্র মিলিয়ে দেখার জন্য সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।
ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ছিল বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেল ৫টা। আগামী ২৯ ডিসেম্বর নবম জাতীয় সংসদ অনুষ্ঠিত হওয়ার কথা।
এর আগে গত ২ ডিসেম্বর জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে আসন্ন নবম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা। ওই তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা নেয়া শুরু হলেও আরো চারবার তফসিল পুনর্নির্ধারণ করে কমিশন। সর্বশেষ তফসিল অনুযায়ী ৩০ নভেম্বর পর্যন্ত মনোনয়নপত্র জমা নেওয়া হয়। ওই সময়ে জমা পড়ে ২৪৫৬টি মনোনয়পত্র। ৩ ও ৪ ডিসেম্বর যাচাই-বাছাই শেষে কমিশন ৫৫৭টি মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে। মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা ৫ থেকে ৭ ডিসেম্বর কমিশনে আপিল করার সুযোগ পান। বর্তমানে কমিশনে এসব আপিলের ওপর শুনানি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/ইএইচবি/জেকে/১৯৪৫ ঘ.
bdnews24