ঢাকা, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হযরত শাহ্ জালাল (র.), শাহ্ পরান (র.) ও বোরহান উদ্দিন শাহ্ (র.) এর মাজার জিয়ারত করতে বৃহস্পতিবার সকালে সড়কপথে সিলেটের উদ্দেশে রওয়ানা হয়েছেন শেখ হাসিনা।
সিলেটে এসব মাজার জিয়ারত শেষে নবম সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারাভিযান শুরু করবেন আওয়ামী লীগ সভানেত্রী হাসিনা।
সাবেক প্রধানমন্ত্রী হাসিনা আগের নির্বাচনগুলোতেও সিলেটে মাজার জিয়ারতের মধ্য দিয়ে প্রচারাভিযান শুরু করেন।
সকাল ৭ টা ৫০ মিনিটে তার সুধা সদনের বাসভবন থেকে সিলেটের পথে যাত্রা করেন হাসিনা। তার সঙ্গে আছেন দলের প্রেসিডিয়াম সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত।
হাসিনার গাড়িবহর ঢাকা থেকে নারায়ণগঞ্জের পুরিন্দা বাজারের সামনে পৌঁছালে আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা তার গাড়িবহর থামিয়ে দেয়। এ সময় নারায়ণগঞ্জ-২ আসনে আওয়ামী লীগ প্রার্থী নজরুল ইসলাম বাবু উপস্থিত ছিলেন।
নরসিংদির ইটাখোলা, রায়পুরা থানার বারোইচা, সরাইলের বিশ্বরোড এবং হবিগঞ্জের মাধবপুর বাজারে স্থানীয় নেতাকর্মীদের ভিড়ে হাসিনার গাড়িবহরের গতি কমে যায়। গাড়িতে বসে হাত নেড়ে তাদের শুভেচ্ছার জবাব দেন তিনি।
যাত্রাপথে মহসড়কের বিভিন্ন মোড়ে হাসিনাকে অভিনন্দন জানাতে রংবেরংয়ের প্লাকার্ড ও ফেস্টুন নিয়ে দলীয় নেতা-কর্মীদের দাঁড়িয়ে থাকতে দেখা যায়। হাসিনা হাত নেড়ে তাদের অভিনন্দনের জবাব দেন।
১২ ডিসেম্বর আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার ঘোষণা করার কথা রয়েছে শেখ হাসিনার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এজে/১০৩৮ ঘ.
bdnews24