২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৈত্রী ট্রেনের সময়সূচি বদলাতে ২২ ডিসেম্বর বৈঠক হতে পারে

মৈত্রী এক্সপ্রেস ট্রেনের ভ্রমনের সময়সূচি বদল ও ভ্রমনসময় কমিয়ে আনার প্রস্তাব নিয়ে আগামী ২২ ডিসেম্বর ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ ও ভারতীয় রেল কর্তৃপক্ষ আলোচনায় বসতে পারে বলে জানিয়েছেন রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) কাজী আসাদুল্লাহ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2008, 10:50 AM

Updated : 26 Aug 2022, 02:46 PM

ঢাকা, ডিসেম্বর ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৈত্রী এক্সপ্রেস ট্রেনের ভ্রমনের সময়সূচি বদল ও ভ্রমনসময় কমিয়ে আনার প্রস্তাব নিয়ে আগামী ২২ ডিসেম্বর ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ ও ভারতীয় রেল কর্তৃপক্ষ আলোচনায় বসতে পারে বলে জানিয়েছেন রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) কাজী আসাদুল্লাহ। কাজী আসাদুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নয়াদিল্লিতে আগামী ২২ ডিসেম্বর থেকে তিন দিনের আন্তঃসরকার রেল কর্তৃপক্ষের বৈঠক শুরু হতে পারে।" তিনি জানান, এর আগে ভারতীয় রেল কর্তৃপক্ষ ট্রেনের ভ্রমনসময় দুঘণ্টা কমিয়ে আনার ব্যাপারে রাজি হয়েছিলো। এটা কার্যকর করা গেলে ঢাকা থেকে ছেড়ে যাওয়া মৈত্রী এক্সপ্রেস ট্রেনটি বিকেল ৫টা নাগাদ কলকাতার চিৎপুর স্টেশনে পৌঁছাতে পারবে। বিকেল ৫টায় কলকাতা পৌঁছাতে ঢাকা থেকে বর্তমান নির্ধারিত সময় সাড়ে ৮টার পরিবর্তে সকাল ৬টায় ট্রেন ছাড়তে হবে। রেলওয়ের মহাপরিচালক মো. বেলায়েত হোসেন বলেন, যাত্রীদের সুবিধার জন্য ট্রেনের সময়সূচিতেও পরিবর্তন আনা দরকার। বর্তমান সময়সূচি অনুযায়ী মৈত্রী ট্রেনে ঢাকা বা কলকাতায় আসা কোনো যাত্রীকে ফিরতি ট্রেনের জন্য এক সপ্তাহ অপেক্ষা করতে হয়। কারণ বর্তমানে সপ্তাহের শুধু শনি ও রোববার ট্রেন চলাচল করে। তিনি বলেন, "ঢাকার উদ্দেশে কলকাতা থেকে ছেড়ে আসা ভারতীয় মৈত্রী এক্সপ্রেস ট্রেনটি মঙ্গলবার এবং ঢাকা থেকে কলকাতায় ফিরতি ট্রেন বুধবার চালানোর জন্য ভারতকে প্রস্তাব দেবে বাংলাদেশ। তবে ঢাকা থেকে ছেড়ে যাওয়া বাংলাদেশের মৈত্রী এক্সপ্রেস ছাড়ার সময় বদলানোর কোনো প্রস্তাব দেয়া হবে না।" বেলায়েত হোসেন বলেন, "ভারতীয় কর্তৃপক্ষ রাজি হলে আগামী জানুয়ারিতে নতুন সময়সূচি কার্যকর হতে পারে।" দীর্ঘ ৪৪ বছর পর চলতি বছরের পহেলা বৈশাখে ঢাকা-কলকাতা রেল যোগাযোগ আবার শুরু হয়। মৈত্রী এক্সপ্রেস ট্রেনে ভ্রমন সময়সাপেক্ষ হওয়ায় অধিকাংশ যাত্রী বাসে যাতায়াত করে থাকে। কারণ ট্রেনে সীমান্ত পেরুবার সময় কাস্টমস ও ইমিগ্রেশন ঝামেলার কারণে সীমান্ত এলাকায় বাংলাদেশের দর্শনা ও ভারতের গেদে স্টেশনে মোট পাঁচ ঘণ্টা আটকে থাকতে হয়। আর মোট ভ্রমন সময় লাগে ১২ ঘণ্টা। রেলওয়ের তথ্য অনুযায়ী, ৫১৭ সিটের মৈত্রী এক্সপ্রেস ট্রেনে বর্তমানে গড়ে ১০০ যাত্রী ভ্রমন করে থাকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/টিএইচ/জিএনএ/১৬৪৫ ঘ.