ঢাকা, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদের দ্বিতীয় দিন বুধবার রাজধানীর বেশিরভাগ সড়ক প্রায় ফাঁকা।
রাস্তায় দুপুর পর্যন্ত মানুষজনও কম। স্বল্প সংখ্যাক কিছু মিনিবাস-বাসকে যাত্রীর জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করতেও দেখা গেছে।
ফার্মগেইট, মহাখালী ও গুলিস্তান মোড়ে যানবাহনের কিছু ভিড় দেখা গেছে।
ঢাকা চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেন, শাহবাগ শিশুপার্কসহ বিনোদন কেন্দ্রগুলো ছিল শিশু-কিশোরসহ নানা বয়েসী মানুষের পদচারণায় মুখর।
ঈদের পরদিন বুধবারও পুরান ঢাকাসহ কয়েকটি স্থানে অনেকে সকালে পশু কোরবানী দিয়েছেন। সকাল থেকে পুরান ঢাকার সদরঘাট, নর্থ সাউথ রোড়, গুলিস্তান, শান্তিনগর মোড়ে কোরবানীল চামড়া ব্যবসায়ীদের বসে থাকতে দেখা গেছে কোরবানীর চামড়ার সন্ধানে। ১০/১২টা করে চামড়াও পেয়েছেন তারা।
ঈদের দ্বিতীয় দিনে ফাঁকা রাস্তায় যান্ত্রিক যানবাহনের সংখ্যা কম থাকায় নগরীতে সিএনজি চালিত বেবি ট্যাক্সি ও রিকশার আধিপত্য ছিল লক্ষ্য করার মতো। চালকদের মূল ভাড়ার সঙ্গে সেলামির আবদার করতে দেখা গেছে স্থানে স্থানে।
এছাড়াও ছিল মিটারবিহীন সিএনজির বিড়ম্বনা। বেশিরভাগ সিএনজি চালককে এদিন মিটার ছাড়াই সিনজি অটোরিকশা চালাতে দেখা গেছে।
মঞ্জিল পরিবহনের চালক আবেদ মিয়া জানান, জাতীয় প্রেসক্লাব থেকে ফার্মগেটে আসতে অন্যদিনগুলোতে প্রায় আধাঘণ্টা সময় লাগলেও বুধবার ১১টার দিকে লেগেছে মাত্র ১০মিনিট।
মতিঝিল, বিমানবন্দর সড়ক, মিরপুর সড়ক, কাকরাইলের মতো ব্যস্ততম জায়গাগুলোতে ছিল না যানজট। সকাল থেকে দুপুর পর্যন্ত এসব সড়কে যানবাহন চলেছে হাতে গোনা কয়েকটি। দুপুর পর্যন্ত মতিঝিল ও মোহাম্মদপুরের মধ্যে যাত্রীবাহী কোনো বাস চলাচল করেনি। রাজধানীর টাউন সার্ভিস বাস-মিনিবাসে যাত্রীদের ভিড়ও কম ছিল।
ঢাকার ফাঁকা রাস্তা দেখে অনেককেই 'প্রতিদিন ঢাকা এমন হলে খারাপ হতো না' এমন মন্তব্য করতে শোনা গেছে। এমনই একজন রিকসা চালক সাদেক আলী। মোহাম্মদপুরের শংকরের কাছে নিজের রিকসায় বসে বলেন, "ঢাকার রাস্তা এখন যেমন ফাঁকা, এটা যদি সারা বছর থাকতো তাহলে ভালো হইতো। আমরা চালাইয়া আরাম পাইতাম। ট্রাফিক জ্যামের জন্য ভাড়া পাওয়া যায় না।''
রাজধানীর হাসপাতালগুলোতে খোঁজ নিয়ে জানা গেছে, ঈদে চিকিৎসকদের হাসপাতালে উপস্থিত থাকার বিষয়ে সরকারি কড়াকড়ি থাকায় অন্য বছরগুলোর তুলনায় এবার তাদের উপস্থিতি বেশি।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজ হাসপাতালে ৩ নং ওয়ার্ডে চিকিৎসাধীন অসুস্থ সাদেক আলীর আত্মীয় ইরফান আলী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, তারা সব সময়ই ওয়ার্ডে চিকিৎসক পেয়েছেন।
ওদিকে, ঈদের ছুটির কারণে রাজধানীর হোটেল-রেস্তোরা ছিল বন্ধ। তবে গুলশান, বনানী, বারিধারা ও ধানমন্ডি এলাকার কিছু অভিজাত হোটেল-রেস্তোরা খোলা রয়েছে। গুলশানের ফাস্ট ফুডের দোকানগুলোতে ভিড় দেখা গেছে।
ঈদের ছুটিতে রাজধানীর নিরাপত্তা স্বাভাবিক রাখতে বিভিন্ন সড়কে পুলিশ ও র্যাব সদস্যদের টহল ছাড়াও সড়কের মোড়ে বসানো হয়েছে নিরাপত্তা চৌকি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জিএনএ/১৩১০ ঘ.
bdnews24