২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেতন-বোনাস না পেয়ে নারায়ণগঞ্জে পোশাক কারখানায় আগুন

বেতন বোনাস না পেয়ে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের এমএসইউ নিট গার্মেন্টসের বিক্ষুদ্ধ শ্রমিকরা রোববার রাতে কারখানা ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। শ্রমিকরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রায় একঘণ্টা অবরোধ করে যানবাহনও ভাঙচুর করে। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হন। অবরোধ ও সংঘর্ষের কারণে মহাসড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হলে ঈদে ঘরমুখো মানুষ দুর্ভোগে পড়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2008, 06:11 PM

Updated : 26 Aug 2022, 02:45 PM

নারায়ণগঞ্জ, ডিসেম্বর ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেতন বোনাস না পেয়ে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের এমএসইউ নিট গার্মেন্টসের বিক্ষুদ্ধ শ্রমিকরা রোববার রাতে কারখানা ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। শ্রমিকরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রায় একঘণ্টা অবরোধ করে যানবাহনও ভাঙচুর করে। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হন। অবরোধ ও সংঘর্ষের কারণে মহাসড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হলে ঈদে ঘরমুখো মানুষ দুর্ভোগে পড়ে। শ্রমিকদের অভিযোগ, কারখানার মালিক সাবেক ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম দুই মাসের বকেয়া বেতন ও ঈদের বোনাস পরিশোধের জন্য রোববার তারিখ দিয়েও কথা রাখেননি। সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করেও টাকা না পেয়ে কারখানার প্রায় চারশ শ্রমিক বিক্ষুদ্ধ হয়ে ওঠে। নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ করিম জানান, শ্রমিকরা তিনতলা কারখানার নিচতলায় ভাঙচুর করে এবং এক পর্যায়ে সুতার গুদামে আগুন দেয়। এরপর মহাসড়ক অবরোধ করে যানবাহন ভাঙচুর শুরু করে তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে শ্রমিকরা তাদের লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ে। পুলিশ লাঠিচার্জ ও রাবার বুলেট ছুঁড়ে প্রায় এক ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। রাত ৮টার দিকে যানচলাচল আবার স্বাভাবিক হয়। এ সময় সংঘর্ষে মাসুদ করিম, সহকারী পুলিশ সুপার নুরুল ইসলাম, উপ পরিদর্শক নজরুল ইসলাম, শ্রমিক নূর মোহাম্মদ, লীজা, সেলিম, সুমন, সেলিনাসহ অন্তত ২০ জন আহত হন। মহাসড়ক অবরোধ ও যানবাহন ভাংচুরের কারণে যানজটে আটকা পড়ে ঈদে ঘরমুখো হাজার হাজার যাত্রী চরম দুর্ভোগের শিকার হন। জেলা পুলিশ সুপার সরদার নুরুল আমিন বলেন, "পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৪১ রাউন্ড রাবার বুলেট ব্যবহার করেছে।" ডেমরা দমকল কার্যালয়ের পরিদর্শক আনোয়ারুল হক জানান, ডেমরা ও হাজীগঞ্জ দমকলের দুটি ইউনিট কারখানার আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছলে শ্রমিকরা তাদের কাজেও বাধা দেয়। পরে পুলিশ ও র‌্যাব সদস্যদের সহযোগিতায় আগুন নেভানোর কাজ শুরু হয়। আগুনে কারখানার নিচতলায় সুতার গুদামের মালামাল পুড়ে গেছে বলে আনোয়ারুল হক জানান। এমএসইউ কারখানার উৎপাদন ব্যবস্থাপক আবুল কালাম আজাদ দাবি করেন, শ্রমিকদের শুধু এক মাসের (নভেম্বর) বেতন বকেয়া রয়েছে। অগ্নিসংযোগ ও ভাঙচুরে কারখানার ব্যাপক ক্ষতি হয়েছে বললেও পরিমাণ জানাতে পারেননি তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/এসকে/২৩৫৮ ঘ.