গোলাম মর্তুজা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ঢাকা, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে কোরবানীর পশুর হাট দর কষাকষিতে বেশ জমে উঠেছে। শেষ সময়ের দামাদামিতে ক্রেতারাই জিতছেন বলে দাবি করছেন বিক্রেতারা। তবে ক্রেতারা বলছেন উল্টোটা - 'ওরা বেশি দাম চাইছে'।
রোববার দুপুরের পর গাবতলী হাটে গিয়ে দেখা যায় প্রচুর পশু, ক্রেতার সংখ্যাও ভালো।
আগের কয়েক বছরে দেখা গেছে, ঈদ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে পশুর দামও কমতে থাকে। সাধারণত ঈদের আগের রাত পর্যন্ত বেচা-বিক্রি চলে।
কুষ্টিয়ার কুমারখালীর ব্যবসায়ী সেলিম মিয়া ১২টি গরু নিয়ে শুক্রবার গাবতলী হাটে আসেন। তিনি জানালেন, রোববার মাত্র একটি গরু বিক্রি হয়েছে।
"এই বিদেশি গরুটা ৮ মাস ধইরে পালছি। ভাবছিলাম অন্তত এক লাখে বেচুম। এখন মাত্র ৬৩ হাজারেই ছাড়তে হইলো।"
গরুটির ক্রেতাদের একজন নাজমুল আলম বললেন, "গরুটা পছন্দ হইছে। প্রথমে দাম বলে চলে গেছিলাম। পরে বাজার ঘুরে এখানে আসতেই বিক্রেতা ৬৩ হাজারে গরুর দড়ি ধরিয়ে দিল।"
সেলিম মিয়া বলেন, গরু বেচতে না পারলে 'পুরা লস', পথে বসতে হবে। ট্রাক ভাড়া, থাকা-খাওয়ার খরচ ওঠানোর জন্য হলেও কম দামেই বেচতে হচ্ছে।
গরু বিক্রি করতে না পেরে সিরাজগঞ্জের মনোয়ার হোসেন মনু খানিকটা উদ্বিগ্ন। গতবারও তার কয়েকটি গরু অবিক্রিত ছিল।
মনোয়ার হোসেন বললেন, "আমার গরুগুলান বেশি বড় না। তবুও কাস্টমার ফিরা যাইতাছে। ভাও বুজতাছি না।"
গরু কিনতে আসা সোহরাব হোসেন বললেন, "গতবারের চেয়ে এবার কোরবানীর পশুর আমদানি বেশি বলে মনে হচ্ছে। তবে দামও বেশি। তাই একটু দেখেই কিনব।"
পুরো শহর পশুর হাট
কোরবানীর ঈদ সামনে রেখে গাবতলীর স্থায়ী হাট ছাড়া ও সিটি করপোরেশনের ইজারা দেওয়া ১২টি অস্থায়ী হাটে শনিবার থেকে পশু বিক্রি শুরু হয়।
বৈধ হাট ছাড়াও রাজধানীর বিভিন্ন এলাকার মোড়ে মোড়ে বিক্রি হচ্ছে গরু-ছাগল। পাশাপাশি পশুখাদ্য, মাংস কাটার ছুরি-চাকু-চাপাতি, চাটাই-কাঠ ইত্যাদিও বিক্রি হচ্ছে।
বিকেলে ধানমণ্ডি ২৭ নম্বর সড়কের মাথায় গাড়ি থামিয়ে ছাগল দাম করছিলেন আজিজুল ইসলাম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বললেন, "এই ছাগলটির ৯ থেকে ১০ কেজি মাংস হতে পারে। অথচ দাম চাচ্ছে ৫ হাজার টাকা ।"
বিক্রেতা নুরুল জানালেন, হাটে বিক্রি নাও হতে পারে এই আশঙ্কায় শহরের ভেতরেই ছাগল বিক্রি করছেন তিনি। বিক্রিও ভাল। রাস্তায় বিক্রির জন্য কাউকে ফি (হাসিল) দিতে হচ্ছে না। ৭টি ছাগল নিয়ে এসেছিলেন, ৬ ঘণ্টার মধ্যে ৫টি বিক্রি হয়ে গেছে।
নুরুলের মতো আরো অনেকেই ঢাকার বিভিন্ন রাস্তায় কোরবানীর পশু বিক্রি করছেন। তাদের কল্যাণে পুরো ঢাকাই পরিণত হয়েছে পশুর হাটে।
এ বছর অস্থায়ী হাটগুলো বসেছে- আরমানিটোলা খেলার মাঠ ও পাশের চিত্রামহল সংলগ্ন ডিসিসির খালি জায়গা, জিগাতলা হাজারীবাগ মাঠ, হোসেনী দালান রোড, ব্রাদার্স ইউনিয়ন ক্লাব সংলগ্ন বালুর মাঠ, আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ ও শাহজালাল রোড ও ঈশা খাঁ রোডসংলগ্ন সংযোগ সড়ক, মেরাদিয়া বাজার, তালতলা বাস স্ট্যান্ডের পাশের খালি জায়গা, আগারগাঁও বস্তির খালি জায়গা, ৮৫ নম্বর ওয়ার্ডের আউটফল স্টাফ কোয়ার্টারের দক্ষিণ পাশের খালি জায়গা, রহমতগঞ্জ খেলার মাঠ, ধুপখোলা মাঠ এবং খিলক্ষেত ও বনরূপা আবাসিক প্রকল্পের খালি জায়গায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/জেকে/এসকে/২২৩৬ঘ.
bdnews24