ঢাকা, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদ সামনে রেখে রোববার সন্ধ্যায় গুলশান আড়ংয়ে ক্রেতাদের উপচে পড়া ভিড়। এমন সময় কাঁচ ভাঙার বিকট আওয়াজে সন্ত্রস্ত হয়ে পড়লেন সবাই। না, বোমা নয়। সবাই দেখলেন, তেজগাঁও সড়কের দিকের কাঁচ ভেঙে মাস্তানের ভঙ্গিতে আড়ংয়ে ঢুকছে একটি জলজ্যান্ত ষাঁড়!
ঘটনাস্থলে উপস্থিত ছিলেন একটি বেসরকারি প্রতিষ্ঠানের চাকুরে জাহেদুল ইসলাম। ঘটনার বিবরণ দিতে গিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "তখন পৌনে ৭টার মতো বাজে। হঠাৎ কাঁচ ভাঙার শব্দে ভেতরে থাকা সবাই ভড়কে গেলাম। তারপরই ষাঁড়টাকে ভয়ঙ্কর ভঙ্গিতে ভেতরে ঢুকতে দেখলাম।"
পথ ভোলা বীর ষণ্ড সুসজ্জিত আড়ংয়ের ভেতরটা দেখতে পেরেছে সাকুল্যে ৫ মিনিটের মতো। বড় কোনো ক্ষয়ক্ষতি না করলেও লোকজনকে দারুণ ভয় দেখিয়ে দিয়েছে সে। কাঁচ ভেঙে তার ভেতরে ঢোকার পর ক্রেতাদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। অনেকে সঙ্গে আনা শিশুদের নিয়ে বিপদে পড়ে যান। পরে নিরাপত্তা কর্মীরা ষাঁড়টিকে তাড়িয়ে বাইরে নিয়ে যায়।
গুলশান আড়ংয়ের ব্যবস্থাপক কৌশিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "একদিকের কাঁচ ভেঙে ভেতরে ঢুকে ষাঁড়টি কয়েকটি শেলফ ফেলে দেয়। কিছু জিনিসপত্র লণ্ডভণ্ড হয়ে গেছে। শিশুদের জিনিসপত্রের কাউন্টারটিও কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কেউ আহত হয়নি।
তাৎক্ষণিকভাবে ষাঁড়ের মালিককে খুঁজে পাওয়া যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/জেকে/২০০৮ঘ.
bdnews24