ঢাকা,ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গণতন্ত্রী পার্টির সভাপতি নূরুল ইসলামের বাসায় 'রহস্যময়' অগ্নিকাণ্ডের ঘটনার তদন্ত আগামী দুই সপ্তাহের মধ্যে শেষ হবে বলে জানিয়েছেন পুলিশ কমিশনার নাইম আহমেদ।
ওই ঘটনায় নূরুল ইসলামের ছেলে ঘটনাস্থলেই এবং তিনি নিজে হাসপাতালে মারা যান।
শনিবার ঈদ-উল-আজহার নিরাপত্তার পরিকল্পনা নিয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
গত ২ ডিসেম্বর গভীর রাতে নূরুল ইসলামের লালমাটিয়ার বাসায় রহস্যজনকভাবে আগুন লাগে।
পুলিশ কমিশনার নাইম আহমেদ জানান, এ ঘটনায় পুলিশ বাদি হয়ে দুটি অপমৃত্যু মামলা করেছে। তাদের পরিবারের পক্ষ থেকে এ পর্যন্ত কোন অভিযোগ করা হয়নি। পুলিশ এই অপমৃত্যু মামলার ভিত্তিতে তদন্ত করছে।
তিনি জানান, ঘটনার প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, ঘটনাস্থলের পারিপার্শ্বিক অবস্থা এবং বোমা বিশেষজ্ঞদের মতামতের ওপর ভিত্তি করে তদন্ত চলছে।
মৃত্যুর আগে জঙ্গি দল জামিয়াতুল মুজাহিদিন (জেএমবি) নূরুল ইসলামকে হুমকি দিয়ে চিঠি দিয়েছিল বলে তিনি জানিয়েছিলেন।
ঘটনায় কারো জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে কিনা জানতে চাওয়া হলে মন্তব্য করতে অস্বীকৃতি জানান পুলিশ কমিশনার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এএল/এসকে/২০১৯ঘ.
bdnews24