২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরগুনা ও মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত

বরগুনার আমতলী উপজেলার কেয়াবুনিয়া এলাকায় শনিবার সকালে আমতলী-পটুয়াখালী সড়কে যাত্রীবাহী বাস ও টেম্পুর মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2008, 12:11 PM

Updated : 26 Aug 2022, 02:45 PM

ঢাকা, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বরগুনার আমতলী উপজেলার কেয়াবুনিয়া এলাকায় শনিবার সকালে আমতলী-পটুয়াখালী সড়কে যাত্রীবাহী বাস ও টেম্পুর মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন। মাদারীপুর সদর উপজেলার ঘটকচর এলাকায় ফরিদপুর-বরিশাল মহাসড়কে বাসের ছাদ থেকে পড়ে মারা গেছেন একজন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বরগুনা প্রতিনিধি জানান, নিহতরা হলেন- পটুয়াখালীর অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবল শাহজাহান মিয়া (৫৯), আমতলীর পাটুখালী গ্রামের কানাই লাল সাহা (৪৭) ও কেয়াবুনিয়া গ্রামের সিদ্দিকুর রহমান (৪২)। এরা সবাই টেম্পু যাত্রী। আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিয়ার রহমান জানান, কলাপাড়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী মেঘনা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা টেম্পুকে চাপা দিয়ে পাশের ডোবায় পড়ে যায়। এতে ঘটনাস্থলে তিনজন মারা যান। আহতদের আমতলী উপজেলা স্বাস্থ্য কেন্দ্র ও পটুয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাদারীপুর প্রতিনিধি জানান, নিহত লিটু (২৫) ফরিদপুর ভাঙ্গা উপজেলার বাবনাতলা গ্রামের বাসিন্দা। তিনি পেশায় ফেরিওয়ালা ছিলেন। তার সঙ্গে থাকা একই এলাকার অপর ফেরিওয়ালা লাভলুও (২২) বাসের ছাদ থেকে পড়ে গিয়ে আহত হয়েছেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শী স্থানী ইউনিয়ন পরিষদের সদস্য জয়নাল মাদবর। তিনি জানান, বাসটি ফরিদপুর থেকে বরিশাল যাওয়ার পথে সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮০৫ ঘ.