ঢাকা, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় সংসদ নির্বাচনের ঘটনাপ্রবাহ জানাতে মোবাইল ফোনে বিশেষ সংবাদ সেবা চালু করেছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
আপাতত গ্রামীণফোন ও ওয়ারিদ গ্রাহকরাই এ সুবিধা পাচ্ছেন। তবে পর্যায়ক্রমে অন্য মোবাইলের গ্রাহকরাও এ সেবার আওতায় আসবেন বলে জানিয়েছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কর্তৃপক্ষ।
গ্রামীণফোন ও ওয়ারিদ গ্রাহকরা এখন ২৩২৪ এ ডায়াল করে তিন চেপে প্রতিদিন চারবার শুনতে পারছেন দেশের নির্বাচন পরিস্থিতির সর্বশেষ খুঁটিনাটি। সকাল ১০টা, বেলা ২টা, সন্ধ্যা ৬টা ও রাত ১০টার খবরে থাকছে হালনাগাদ সব তথ্য।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের 'নিউ মিডিয়া' বিভাগের সমন্বয়ক ও চিফ সাব এডিটর আশীষ চক্রবর্ত্তী বলেন, "এ সময়ের ব্যস্ত মানুষদের পক্ষে সবসময় বেতার বা টেলিভিশনের মাধ্যমে জাতীয় নির্বাচনের হালচাল জেনে নেওয়া কঠিন। তাদের সুবিধার কথা বিবেচনা করে আমরা মোবাইল ফোনে নির্বাচনের সংবাদ পরিবেশনের সিদ্ধান্ত নিয়েছি।"
তিনি জানান, নির্বাচনী সংবাদ ছাড়াও মোবাইল ফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নিয়মিত সংবাদ সেবা আগে থেকেই চালু রয়েছে। গ্রামীণফোন, একটেল ও ওয়ারিদ গ্রাহকরা যে কোনো সময় ২৩২৪ নম্বরে ডায়াল করে বাংলা ও ইংরেজিতে দেশ-বিদেশের তাজা খবর পাচ্ছেন। আর বাংলালিংক ও সিটিসেল গ্রাহকরা একই নম্বরে ডায়াল করে শুনছেন বাংলায় 'সদ্য সংবাদ'।
পাশাপাশি শর্ট মেসেজ সার্ভিসের (এসএমএস) মাধ্যমেও সংবাদ পরিবেশন করছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। গ্রামীণ বা একটেল ফোন থেকে b লিখে ২৩২৪ এ পাঠিয়ে দিলেই একজন গ্রাহক এ সেবার জন্য নিবন্ধিত হয়ে যান। প্রতি মুহূর্তের সবচেয়ে বড় খবরটি এসএমএস আকারে পৌঁছে যায় নিবন্ধিত গ্রাহকের মোবাইল ফোনে।
যে কোনো মুহূর্তের সর্বশেষ খবর জানতে চাইলে সিটিসেল ছাড়া যে কোনো মোবাইল ফোন থেকে এসএমএস অপশনে গিয়ে n অথবা news টাইপ করে ২৩২৪ এ পাঠিয়ে দিলেই তা জানা যায় । আর news এর পর নির্দিষ্ট ঘণ্টা উল্লেখ করে (যেমন দুপুর ২টার জন্য news14) ২৩২৪ এ এসএমএস করলে ফিরতি এসএমএস এ জানা যায় প্রতি ঘণ্টার সংবাদ।
আশীষ চক্রবর্ত্তী জানান, গ্রামীণ বা একটেল গ্রাহকরা মেসেজ অপশনে গিয়ে m লিখে ২৩২৪ এ পাঠিয়ে প্রতিদিন সকালের খবর পাচ্ছেন। এছাড়া, রাজনীতির সংবাদ-সংক্ষেপ নিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের খবর পরিবেশন করছে একটেল। এ সেবা পেতে p লিখে ২৩২৪ এ এসএমএস পাঠাতে হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসি/এসএনডি/জেকে/এসকে/২৩৫৩ঘ.
bdnews24