ঢাকা, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গণতন্ত্রী পার্টির সদ্যপ্রয়াত নেতা নূরুল ইসলামের নির্বাচনী এলাকা নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ি) আসনের নির্বাচন স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এ আসনের নতুন তফসিল পরে ঘোষণা করা হবে।
প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা বৃহস্পতিবার সন্ধ্যায় সাংবাদিকদের একথা জানান।
বিকালে আগারগাঁওস্থ অফিস ত্যাগকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি বলেন, '' নোয়াখালী-১ আসনে বৈধপ্রার্থী গণতন্ত্রী পার্টির সভাপতির মৃত্যুর কারণে ওই আসনের নির্বাচন স্থগিত রাখা হবে। পরে ওই আসনের জন্য পুনঃতফসিল জানানো হবে।''
এর আগে সিইসি অন্য দুই নির্বাচন কমিশনারকে নিয়ে বৈঠক করেন।
প্রার্থী পদ প্রত্যাহার করেননি এমন কোনো বৈধ মনোনীত প্রার্থী মৃত্যুবরণ করলে গণপ্রতিনিধিত্ব আদেশের ১৭(১) অনুচ্ছেদ অনুসারে রিটার্নিং অফিসারকে গণবিজ্ঞপ্তির মাধ্যমে সাংশ্লিষ্ট নির্বাচনী এলাকার নির্বাচন কার্যক্রম বাতিল করতে হবে।
গণতন্ত্রী পার্টির সদ্যপ্রয়াত নেতা নূরুল ইসলাম নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ি) আসনে বৈধ প্রার্থী বিবেচিত হয়েছিলেন।
নুরুল ইসলামের গুরুতর আহত হওয়ার পর দলের পক্ষ থেকে নির্বাচন স্থগিত দাবি করলে সিইসি বুধবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান, নির্বাচনী আইন অনুযায়ী ওই আসনে ব্যবস্থা নিতে হবে।
বৃহস্পতিবার ছিল মনোনয়ন বাছাইয়ের শেষ দিন।
গণপ্রতিনিধিত্ব আদেশে বলা হয়, বৈধ প্রার্থীর মৃত্যু হলে রিটার্নিং অফিসার সংশ্লিষ্ট আসনের নির্বাচনী কার্যক্রম বাতিল করবেন। রিটার্নিং অফিসারের কাছ থেকে তা অবহিত হওয়ার পর কমিশন নতুন তফসিল ঘোষণা করবেন।
আগের সময়সূচিতে যারা মনোনয়ন দাখিল করবেন, তাদের পরবর্তী কার্যক্রমে নতুন করে মনোনয়ন দাখিল করতে হবে না এবং জামানতের অর্থও দিতে হবে না।
রহস্যজনক অগ্নিকাণ্ডে গুরুতরভাবে অগ্নিদগ্ধ হওয়া গণতন্ত্রী পার্টির সভাপতি ও শ্রমিক নেতা নূরুল ইসলাম (৬৮) বৃহস্পতিবার বিকেলে মারা গেছেন।
৪টা ৩৫ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নূরুল ইসলাম শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অংশ হিসেবে ১৪ দলের প্রার্থী নূরুল ইসলামের বাসায় নাশকতা করা হয়েছে বলে অভিযোগ করেছেন তার স্বজনরা।
তারা বলেছেন কিছুদিন ধরে নুরুল ইসলামকে নির্বাচনে না প্রতিদ্বন্দ্বিতার জন্য অজ্ঞাত লোকজন ফোনে হুমকি দিচ্ছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসকে/১৮৪৯ঘ.
bdnews24