ঢাকা, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরকাতুল জিহাদ নেতা মুফতি আব্দুল হান্নানকে আদালতে হাজির না করায় ২১ আগস্ট গ্রেনেড মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ আবারো পিছিয়ে গেল। এর আগে ৩০ নভেম্বরেও এ মামলার সাক্ষ্য গ্রহণের সময় মুফতি হান্নানকে ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইবুনালে হাজির না করার কারণে সাক্ষ্য পিছিয়ে যায়।
ঐ ট্রাইবুনালের বিচারক মো. মাযদার হোসেন আগামী ১৫ ডিসেম্বর সাক্ষ্য গ্রহণের জন্য আবার দিন ঠিক করেছেন।
রাষ্ট্রপক্ষে নিযুক্ত বিশেষ পাবলিক প্রসিকিউটর সৈয়দ রেজাউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাংলাদেশে নিযুক্ত সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চোধুরীর ওপর বোমা হামলা মামলায় সিলেটের আদালতে নেওয়ার কারণে বুধবার তাকে ঢাকার আদালতে আনা যায়নি।
তিনি আইন মোতাবেক আসামীর সামনে সাক্ষ্য গ্রহণ করার বাধ্যবাধকতার উল্লেখ করেন।
গত ২৯ অক্টোবর ২২ অভিযুক্তের বিরুদ্ধে ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় পৃথক দুই মামলায় অভিযোগ গঠন করেন একই বিচারক। এর আগে দুই মামলার বাদি মতিঝিল থানার উপ-পরিদর্শক শরীফ ফারুক আহম্মেদের দুইদিন সাক্ষ্য নেওয়া হয়। বুধবার নিয়ে সাক্ষ্য গ্রহণ দুইবার পিছিয়ে গেল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এসকে/০১০১ঘ.
bdnews24