২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খন্দকার মাহবুবকে নির্বাচনে অযোগ্য ঘোষণা না করার নির্দেশ

ঢাকা-১২ আসনে বিএনপি প্রার্থী অ্যাডভোকেট খন্দকার মাহবুব উদ্দিন আহমাদকে ঋণ খেলাপি তালিকায় থাকার কারণে নির্বাচনে প্রার্থী হিসেবে অযোগ্য ঘোষণা না করতে নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2008, 03:18 PM

Updated : 26 Aug 2022, 02:44 PM

ঢাকা, ডিসেম্বর ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা-১২ আসনে বিএনপি প্রার্থী অ্যাডভোকেট খন্দকার মাহবুব উদ্দিন আহমাদকে ঋণ খেলাপি তালিকায় থাকার কারণে নির্বাচনে প্রার্থী হিসেবে অযোগ্য ঘোষণা না করতে নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। পাশাপাশি ঋণ খেলাপির তালিকায় খন্দকার মাহবুব উদ্দিন আহমাদের নাম প্রকাশকে কেন অবৈধ ঘোষণা করা হবে না- বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তা জানাতে বলা হয়েছে। বুধবার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকীর বেঞ্চ খন্দকার মাহবুব উদ্দিন আহমাদের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেয়। রিটকারীর পক্ষে শুনানিতে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, "বাংলাদেশ ব্যাংকের বরাত দিয়ে বুধবার বিভিন্ন জাতীয় দৈনিকে ৭৬ প্রার্থীর নাম ঋণ খেলাপী হিসেবে প্রকাশ করা হয়। ওই তালিকায় ঢাকা-১২ (ধানমণ্ডি-হাজারিবাগ) আসনে বিএনপি দলীয় প্রার্থী খন্দকার মাহবুব নিজের নাম দেখে বিস্মিত হন। কারণ তিনি ব্যাংক থেকে কোনো ঋণ নেননি। তিনি কারো ঋণের জামিনদারও হননি।" ব্যারিস্টার কাজল আরো বলেন, "খন্দকার মাহবুব উদ্দিন নিজেই বাংলাদেশ ব্যাংকের সিআইবি শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করলে ওই কর্মকর্তা তাকে জানিয়েছেন, তাকে ঋণ খেলাপী হিসেবে অন্তর্ভুক্ত করে তারা কোনো প্রতিবেদন প্রকাশ করেননি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিএইচ/এসকে/২০৫৮ঘ.