২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচন সুষ্ঠু হলে ফলাফল না মানার কোন কারণ নেই: ব্রিটিশ হাইকমিশনার

নির্বাচন সুষ্ঠু হলে ফলাফল না মানার কোনো কারণ নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার স্টিফেন ইভান্স।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2008, 09:20 AM

Updated : 26 Aug 2022, 02:44 PM

ঢাকা, ডিসেম্বর ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচন সুষ্ঠু হলে ফলাফল না মানার কোনো কারণ নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার স্টিফেন ইভান্স। বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত কূটনৈতিক বিষয়ক সাংবাদিকদের সংগঠন 'ডিপ্লোমেটিক করেসপনডেন্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ' (ডিসিএবি) এর এক সংলাপে তিনি একথা বলেন। বাংলাদেশে নির্বাচনের পর পরাজিত দল নির্বাচন গ্রহণযোগ্য হয়নি বলে অভিযোগ করে থাকে- সাংবাদিকরা এ প্রসঙ্গ তুললে স্টিফেন ইভান্স বলেন, "নির্বাচন সুষ্ঠু হলে ফলাফল মেনে না নেওয়ার কোন কারণ নেই। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় বিরোধীদল সরকারি নীতির সমালোচনা করবে এবং সংসদে গিয়ে বিতর্ক হবে এটিই স্বাভাবিক।" তিনি বলেন, "অবাধ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচনের স্বার্থে নির্বাচনের আগেই জরুরি অবস্থা প্রত্যাহার করা উচিত বলে আমি মনে করি।" তিনি আরো বলেন, "সন্ত্রাসীদের মোকাবিলায় বাংলাদেশসহ বিভিন্ন দেশের মধ্যে সহযোগিতা বাড়ানো উচিত।" সংগঠনের সভাপতি মাসুদ করিমের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক রাহিদ এজাজ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এফএফ/এজে/জিএনএ/১৫১৪ ঘ.